শক্তিশালী বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জেনেগার
সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জেনেগার

এক বনে দুই বাঘ থাকতে পারে কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও, বাঘে-সিংহে বন্ধুত্বের নজির বহুবার দেখেছে বিশ্ব। কখনো সেটা মঙ্গল শাসক চেঙ্গিস খানের সঙ্গে সেলজুক সম্রাট তুঘরিল বেগের, আবার কখনো গ্রিক বীর অ্যাকিলিসের সঙ্গে প্যাট্রোক্লাসের। বাস্তবে হোক কিংবা পৌরাণিক উপাখ্যান, সাহসী আর জাহাঁবাজ বীরদের বন্ধুত্বের চওড়া হাতটা যেন সব সময়ই এগিয়ে ছিল নিজেদের সমকক্ষদের জন্য। যেন বাঘের সঙ্গে সিংহের দোস্তি।
এর ব্যতিক্রম হয়নি হলিউডের অ্যাকশন শিবিরেও। ব্রুস উইলিস-আর্নল্ড শোয়ার্জেনেগার, ভ্যান ড্যাম-সিলভেস্টার স্ট্যালোন কিংবা ডল্ফ লান্ডগ্রেনের সঙ্গে স্ট্যালোনের বন্ধুত্বের অনন্য নজির দেখা গেছে শুধু পর্দাতেই নয়, পর্দার বাইরেও। চওড়া কাঁধ, পেশির জোর আর ভারী অস্ত্রের গর্জন এসব অ্যাকশন হিরোকে এনেছে বন্ধুর কাতারে। তবে স্বাভাবিকভাবেই অন্য সব তারকার চেয়ে আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে সিলভেস্টার স্ট্যালোনের দোস্তি সব সময়ই থেকেছে আলোচনায়। কখনো শুটিংয়ে আহত হয়ে একই হাসপাতালে পাশাপাশি বিছানায় করিয়েছেন অস্ত্রোপচার, আবার কখনো জোট বেঁধে নেমেছেন রেস্টুরেন্টের ব্যবসায়। এক বন্ধু অন্য বন্ধুর বিপদ ঠেকিয়েছেন নিজের চওড়া বুক দিয়েই। ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচনের সময় প্রার্থী শোয়ার্জেনেগারের অর্থদাতাদের একজন ছিলেন স্ট্যালন। ২০০৫ সালে বন্ধু শোয়ার্জেনেগারের জন্য স্ট্যালন গভর্নর নির্বাচন কমিটিতে দান করেছিলেন ১৫ হাজার মার্কিন ডলার। এমনকি স্ট্যালনের রিপাবলিকান পার্টিকে সমর্থনের পেছনের কারণটিও কিন্তু শোয়ার্জেনেগারের সঙ্গে তাঁর বন্ধুত্ব।
তবে আর্নল্ড শোয়ার্জেনেগারও বন্ধুত্বের প্রতিদান দিতে জানেন। গভর্নর হয়েই, রাজ্যের উন্নতিতে অবদান রাখায় বন্ধু স্ট্যালনকে দিয়েছিলেন বিশেষ সংবর্ধনা। অতিরিক্ত খরচের কারণে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ছেড়ে অন্য শহরে যখন শুটিং ইউনিট নিয়ে ভিড় জমাচ্ছিলেন হলিউডি পরিচালকেরা, তখন গভর্নর শোয়ার্জেনেগারের সহায়তায় রকির শুটিং ওই শহরেই করেন স্ট্যালন। এ বছরের অস্কার দৌড়ের একেবারে ‘ফিনিশ লাইন’-এ এসে ছিটকে পড়ায় যখন হতাশ স্ট্যালন, তখন সাহস জোগাতে এগিয়ে এলেন বন্ধু শোয়ার্জেনেগার। নিলেন অস্কার কমিটিকে একহাত। এক ভিডিওবার্তায় হলিউডের ‘র্যা ম্বো’কে ‘টার্মিনেটর’ বলেই ফেললেন, ‘ধুর, ওসব অস্কার কমিটির সিদ্ধান্তের কথা বাদ দাও, আমার চোখে তুমিই সেরা বন্ধু...!’ তাই হয়তো দুনিয়ার তাবৎ অ্যাকশন হিরোকে নিয়ে যখন এক্সপেন্ডেবলস ছবিটি বানালেন স্ট্যালন, তাতে ‘ভাড়াটে সৈনিক’দের তালিকায় অভিনয় করলেও শোয়ার্জেনেগার পয়সা নেননি বন্ধুর কাছ থেকে।
তবে এই দুই বন্ধুর দোস্তির শুরুটা কিন্তু শত্রুতা থেকে। দুজনের অভিনয়ের ধরন এবং ধাঁচের মিল থাকায়, প্রতিদ্বন্দ্বী হিসেবে চলার শুরু সেই সত্তরের দশকে। এক সাক্ষাৎকারে শোয়ার্জেনেগার বলেছিলেন, ‘নিজেদের মধ্যে ভয়ংকর প্রতিযোগিতা হতো। কার কাঁধ-বাহু বেশি পেশিবহুল, কার শরীর বেশি দানবিক, ছবিতে কে একাই কতজনকে মারল, কে বক্স অফিসে বেশি কামাই করল—এসব নিয়েই চলত প্রতিযোগিতা।’ তবে সেখানে ঘৃণাবোধের চেয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাটাই বেশি ছিল বলে জানান স্ট্যালন। ‘সব সময় একজন আরেকজনের থেকে এগিয়ে থাকতে চেয়েছি। এভাবে একেকটা সময় নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছি। এটাই আসলে আমাদের সফল হতে সাহায্য করেছে। এটাই আমাদের শত্রুতাকে পরিণত করেছে বন্ধুতায়।’ তবে দুজনের বন্ধুত্বটা মনে হয় ঈশ্বরপ্রদত্তই। তাই তো এক বছর এদিক-সেদিক হলেও, তাঁদের জন্ম মাসটা কিন্তু একই। ঠিক বন্ধু দিবসের আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে।
মীর মুশফিক আহসান
ভালচার, নিউইয়র্ক টাইমস ও মিরর অবলম্বনে