শখ-নিলয়ের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির দৃশ্যে শখ ও নিলয়
‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির দৃশ্যে শখ ও নিলয়

প্রেমের সম্পর্কের ভাঙনে এক সময় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেলেও ‘অল্প অল্প প্রেমের গল্প’ আবারও কাছে টেনে আনল আলোচিত জুটি আনিকা কবির শখ ও নিলয় আলমগীরকে। মাঝে প্রায় দেড় বছর বিরতির পর সিনেমার প্রচারণায় হাজির হচ্ছেন শখ ও নিলয়।

‘অল্প অল্প প্রেমের গল্প’ শখ ও নিলয় জুটির প্রথম ছবি। এর আগে তাঁরা দুজন একসঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। কাজের সুবাদে দুজনের মধ্যে একটা সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বছর দেড়েক আগে আলোচিত এই জুটির প্রেমের ভাঙন দেখা দিলে তাঁদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় বলে গণমাধ্যমকে জানিয়েছিল এই জুটি। এখন কাজের টানে সব ব্যবধান ভুলে আবার একসঙ্গে হয়েছেন তাঁরা।

‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির দৃশ্যে শখ ও নিলয়
‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির দৃশ্যে শখ ও নিলয়

‘প্রথম আলো’কে নিলয় বলেন, ‘আমরা দুজন কিন্তু বরাবরই খুব ভালো বন্ধু। মাঝে হয়তো কিছুটা ভুল-বোঝাবুঝি হয়ে দেখা-সাক্ষাত্ হতো না। তবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়েছে বলে আমি বিশ্বাস করতাম না। বন্ধুত্বের সম্পর্কটা নিয়ে পরবর্তী সময়টা থাকতে চাই।’

নিলয়ের সুরে সুর মিলিয়ে শখ বলেন, ‘এটা সত্যি যে আমরা দুজন ভালো বন্ধু। বন্ধু হয়ে কাজ করে যেতে চাই। “অল্প অল্প প্রেমের গল্প” ছবির মাধ্যমে আমরা আবার একসঙ্গে কাজ শুরু করলাম।’

এই বন্ধুত্ব কি আবার প্রেমের সম্পর্কে রূপ নিতে পারে কি না, জানতে চাইলে নিলয় হেসে বলেন, ‘সম্পর্ক ঠিক করার বিষয়টা তো আমার হাতে নেই। আমার হাতে ক্ষমতা থাকলে তো আর ব্রেক-আপ করতাম না। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই কিন্তু আল্লাহর হাতে। তবে এতটুকু জানি, সামনের বেশ কিছুদিন “অল্প অল্প প্রেমের গল্প” ছবির প্রচারণার জন্য আমরা নানা অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিচ্ছি। আশা করছি পুরোটা সময় বেশ উপভোগ্য হবে।’

২৯ আগস্ট ঢাকাসহ সারা দেশের প্রায় ১০০টি  হলে মুক্তি পাচ্ছে সানিয়াত পরিচালিত এবং শখ ও নিলয় অভিনীত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি।