শখের অল্প গল্প

শখ। ছবি: খালেদ সরকার
শখ। ছবি: খালেদ সরকার

শখের গল্প!
কোন গল্প?
ছবির গল্প।
শখ তো সিনেমায় অভিনয় করেছিলেন। পাঠক, মনে আছে সে কথা? ছবির নাম ছিল বলো না তুমি আমার (২০১০)। ওটাই ছিল তাঁর প্রথম ছবি। নায়ক ছিলেন শাকিব খান।
যাঁর নায়ক শাকিব খান, তাঁর আর কিছু ভাববার দরকার আছে? হ্যাঁ, তাঁকে তো একটু ভাবতেই হবে। কারণ, পরের ছবিতেই পাল্টে গেল সব হিসাব। এবার তাঁর নায়ক চলচ্চিত্রে একেবারে নতুন একজন, নিলয়।
নিলয় অবশ্য ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত ছিলেন। কারণ, তিনি ছিলেন এনটিভির ‘সুপার হিরো-হিরোইন’ প্রতিযোগিতার ‘সুপার হিরো’। শুরুতেই তিনি যে ছবিটিতে অভিনয় করলেন, সেটি অল্প অল্প প্রেমের গল্প। তা বছর দুয়েক আগের কথা। শখ আর নিলয়ের মধ্যে তখন ছিল গভীর প্রেম। বাস্তবের প্রেম আর পর্দার গল্প যেন একাকার হয়ে গিয়েছিল।
‘ছিল’ শব্দটি বারবার কেন যোগ করা হচ্ছে? কারণ, সেই প্রেম এখন অতীত। ছবিটির কাজ হয়েছিল প্রায় দুই বছর। ছবির কাজ যখন শেষ, তখন নিজেদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় শখ আর নিলয়ের সম্পর্ক। ওই সময় একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতেন না।
এত দিন পর মুক্তি পাচ্ছে অল্প অল্প প্রেমের গল্প ছবিটি। এই ছবির প্রচারণায় অংশ নিতে গিয়ে আবার দেখা হলো শখ আর নিলয়ের। শুরুতে একটু চোখাচোখি, এরপর কুশল বিনিময়। ছবি তোলা। আবার...
ভেঙে যাওয়া সেই সম্পর্ক আবার জোড়া লাগছে? তা এড়িয়ে গেলেন শখ। গত রোববার সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন তিনি। এসেছিলেন গল্প করতে। তাঁর অল্প অল্প প্রেমের গল্প ছবিটি যে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাল শুক্রবার।
এর মাঝে আর কোনো ছবিতে অভিনয় করেননি শখ। কারণ, এই সময়টাতে পড়াশোনা করেছেন আর অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। বললেন, ‘তখন একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। আর তা অনেকটা না বুঝেই।’
মাঝের এই সময়ে শখ অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। অভিনয় করেছেন টিভি নাটকে। ঢাকার টিভির একটি নাটকের কাজ করতে শখ গিয়েছিলেন কলকাতায়। তখন সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্মকর্তাদের সঙ্গে। কারণ, ওই কাজটি হচ্ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের স্টুডিওতেই। ওই কর্মকর্তারা শখের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ওই আলোচনা এখনো কোনো চূড়ান্ত রূপ পায়নি। তবে ভালো কিছু যে হতে পারে, সে ব্যাপারে আভাস দিলেন শখ।
অল্প অল্প প্রেমের গল্প ছবিটির মুক্তি আবারও চলচ্চিত্রের ব্যাপারে আগ্রহী করে তুলেছে শখকে। জানালেন, এই ছবির পরিচালক সানিয়াত এস হোসেনের পরের ছবিতেও অভিনয় করবেন তিনি। আরও কয়েকজন নির্মাতার সঙ্গে আলোচনা হচ্ছে।
শখ কিন্তু নাচের শিল্পী। সোহেল রহমান আর শখ জুটিকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন নাচের অনুষ্ঠানে। এবার কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে তাঁর একক নাচের অনুষ্ঠান দেখানো হবে। এ বছরের শেষ দিকে নাচের একটি স্কুল করার পরিকল্পনা করেছেন শখ।
জানালেন, এখন আবার অভিনয়ে মনোযোগ দিয়েছেন। এবার ঈদে তাঁর অভিনীত অনেকগুলো নাটক দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে।
শখের গল্প চলছে। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ছে। জানালেন, এতটুকু অবসর নেই। অল্প অল্প প্রেমের গল্প ছবির প্রচারণার জন্য আরেকটি টিভি চ্যানেলে যেতে হবে তাঁকে। কী আর করা, গল্পটা এখানেই থামাতে হলো।