শখের ক্ষণ গণনা
গত পয়লা বৈশাখ থেকে তিনি কল্পনা করেন নিজেকে নিয়ে। ভাবনার রাজ্যে পাখা মেলে উড়ে বেড়ান। নিজেকে আবিষ্কার করেন একজন সফল অভিনেত্রী হিসেবে। চলচ্চিত্রের অভিনেত্রী। মানুষ আসছে, প্রেক্ষাগৃহে ছবি দেখছে, টিকিটের জন্য মানুষের দীর্ঘ সারি। স্বপ্ন সত্যি হোক বা না হোক, দেখার মধ্যে যে আনন্দ আছে, তা তো কম নয়।শখ বললেন, ‘আমি স্বপ্নবিলাসী নই। নিজেকে নিয়ে ভালো কিছু ভাবি, ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই, আর অপেক্ষায় আছি সেই দিন কবে আসবে? প্রতীক্ষার পালা শেষ হবে।’২৫ অক্টোবর বড় পর্দায় শখের অভিষেক ঘটতে যাচ্ছে। ছোট পর্দা থেকে বড় পর্দায় শখের যাত্রা কেমন হবে?প্রশ্ন শুনে শখ বললেন, ‘আমি ইতিবাচক মানুষ। কখনোই নিরাশ হই না। তাই বলব ভালো হবে। আসলে এমনি এমনি এই ভালো হবে কথাটা বলছি না। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব তো এসেছিল অনেকগুলোই। ছবিতে অভিনয় করব এ কথাও বলেছিলাম। কিন্তু কোন ছবিতে কাজ করব, এটাই ঠিক করতে পারছিলাম না। একদিন এমবি মানিক ও প্রযোজক খোরশেদ আলম আমাকে সোনারগাঁও হোটেলে ডাকলেন। তখন রাত ১১টা। একটু পরই পয়লা বৈশাখ শুরু হবে। ছবির গল্পকার কাশেম আলী আমাকে গল্প শোনালেন। পছন্দ হলো। ছবির নায়ক শাকিব খান। ছবির নাম বলোনা তুমি আমার। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে হোটেলের লবিতে শুভ নববর্ষ স্লোগান শোনা গেল। প্রযোজক আমাকে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিপত্র স্বাক্ষর করালেন। এরপর কাজ শুরু করলাম। প্রতিটি মুহূর্তই আমার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে আমার যাত্রাটা শুভ হবে।’শখ একটি ছবিতে অভিনয় শুরু করার পরই একাধিক ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন। সোহানুর রহমান সোহান, এফ আই মানিকসহ একাধিক তারকা নির্মাতা ছবিতে নিতে চাইলেন। কিন্তু শখ না করলেন। কেন?‘আমি আসলে আমার প্রথম ছবির ফলাফলটা দেখতে চেয়েছি। এ কারণে বলেছি যে এখন কোনো ছবিতে কাজ করব না। যদি দেখি যে প্রথম ছবি দর্শক গ্রহণ করছে, তখন হয়তো আবার ছবিতে কাজ করব।’তার মানে প্রথম ছবি যদি সফল না হয়, তাহলে কি আপনাকে আর বড় পর্দায় দেখা যাবে না?‘তা বলছি না। করব। তখন হয়তো আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। বুঝতে হবে কোন ছবি দর্শক গ্রহণ করে, কোন গল্প দর্শকের কাছে ভালো লাগে। আমি সেভাবেই তখন প্রস্তুতি নিয়ে কাজ শুরু করব। আর যদি ছবি ভালো ব্যবসাসফলও হয়, তা হলেও কিন্তু আমি একাধিক ছবিতে কাজ করব না। ইচ্ছা আছে, বছরে হয়তো দুই থেকে তিনটি ছবিতে কাজ করব।’ বলছিলেন শখ।ছবি মুক্তি পায়নি। কিন্তু ছবি তো আপনি দেখেছেন, কেমন লেগেছে?‘খুবই ভালো। যতটা প্রত্যাশা করেছি, তার চেয়েও ভালো।’গান কেমন হয়েছে?‘খুব সুন্দর। বিশেষ করে ছবির যে টাটটেল গান, সেটা তো দুর্দান্ত লেগেছে নিজের কাছে। ২৫ তারিখে ছবি মুক্তি পাবে। আমি তো প্রতিদিনই এক-একটা করে দিন গুনছি। কিছুটা টেনশন বাড়ছে, কিছুটা অস্থির লাগছে, আবার ভালোও লাগছে। আসলে এ ছবির যখন কাজ শুরু করি, তখন থেকেই প্রতিটি সময় কেটেছে ভীষণ উত্তেজনা আর আনন্দে। বড় পর্দা তো হচ্ছে একটা বড় ব্যাপার। এখানে শত মানুষের অংশগ্রহণ থাকে। সবার সম্মিলিত চেষ্টায় মানুষকে ভালো কিছু উপহার দেওয়া সম্ভব হয়।’ছোট পর্দায় কি নিয়মিত কাজ করবেন?‘তা করব। তবে সেখানেও আমি এখন অনেক বেছে বেছে কাজ করছি। যে নাটকটার গল্প ভালো, পরিচালক ভালো, সেগুলোর কাজই এখন করছি। একদম যে ছেড়ে দেব, তেমন কোনো সিদ্ধান্ত নিইনি। এ ছাড়া আমি মডেলিং দিয়ে যাত্রা করেছি। এই কাজও করে যেতে চাই।’পড়াশোনার কী অবস্থা চলছে?‘অভিনয় আর পড়াশোনা দুটোই চালিয়ে যাচ্ছি।’এখনকার ব্যস্ততা কী নিয়ে?শখ জানালেন, তিনি এখন ঈদের জন্য কয়েকটি নাটকে কাজ করছেন। এ জন্য তাঁকে প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। বললেন, ‘যেটুকু সময় কাজ করছি, সেটুকু সময় মনোযোগ দিয়েই কাজটা করার চেষ্টা করি। ফলে কাজটা ভালো হয়, আর এ জন্যই কাজ করে তৃপ্তি লাভ করি।’