শখের রূপালি যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখ। এটা আবার কেমন নাম? এমন নামকরণের পেছনে রয়েছে একটি ঘটনা। মা-বাবার বিয়ের সাত বছর পর ঘর আলো করে এক কন্যাসন্তান এল।তার নাম কী হবে?অনেকগুলো নাম কাগজে লিখে ছোট ছোট বাচ্চাদের দিয়ে লটারি করা হলো।পর পর তিনবার যে নামটি উঠে এসেছে, সেই নামটি হলো ‘শখ’।‘এ কারণেই আমি আমার নামটি খুব বেশি ভালোবাসি। নিজের মতোই আমি আমার নামটি ভালোবাসি।’ বলছিলেন শখ।একই সঙ্গে চলচ্চিত্র ও টিভি নাটক, মডেলিং ও নাচ নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি এইচএসসিতে পড়াশোনা করছেন।শখের বাবার ইচ্ছে ছিল মেয়ে গান করুক। শখের ইচ্ছে হতো নাচতে। মা চাইতেন, ‘মেয়েটা লক্ষ্মী হোক’। তাই দুটি বিষয়েই ছোটবেলা থেকে শখকে তালিম দেওয়া হয়। একটা সময় শখ গান ছেড়ে নাচের দিকেই ঝুঁকে পড়েন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে ভরতনাট্যমে তালিম নেন। এরই মধ্যে চলে এলেন বিজ্ঞাপনচিত্রে। সেখান থেকে আবার তিনি অভিনয়েও নাম লেখান। তাঁর ইচ্ছে একজন অভিনয়শিল্পী হবেন। এটাই তাঁর প্রধান লক্ষ্য।জানালেন, রেদোয়ান রনির এফএনএফ, ইফতেখার ফাহমির ফিফটি ফিফটি ও জবের ব্যাপার নামের তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এফএনএফ ও ফিফটি ফিফটি নাটক দুটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।‘নাটকে কাজ করার অভিজ্ঞতাও বেশ মজার। এফএনএফ নাটকের শুটিং করার জন্য গেলাম সিলেটের শ্রীমঙ্গলের চা-বাগানে। গরমের মধ্যে কাজ করতে গিয়ে দেখলাম, মাগো! চারদিকে জোঁকের ছড়াছড়ি। সাবধানে কাজ করতে শুরু করলাম আমরা। পরিচালক বললেন, বাগানের মাঝখান দিয়ে হেঁটে মোশাররফ ভাইয়ার (মোশাররফ করিম) কাছে আসতে হবে। আমি সেভাবেই কাজ করলাম। পথ চলতে গিয়ে পায়ে যেন কিসের সঙ্গে গুঁতো খেলাম। আমি আর বিষয়টি লক্ষ করিনি। পা দিয়ে রক্ত ঝরছিল। হঠাৎ মোশাররফ ভাইয়া চিৎকার করে বললেন, “ওরে শখ, তোকে তো জোঁকে ধরেছে। তোর পা থেকে রক্ত বের হচ্ছে। তুই জোঁকের খাদ্যে পরিণত হয়েছিস।” আমি তো চিৎকার শুরু করে দিলাম। তখন সবাই এসে দেখল যে না জোঁকে ধরেনি, আসলে কাঁটাতারের গুতো খেয়ে পা থেকে রক্ত বেরোচ্ছিল। সেই ঘটনার কথা মনে পড়লে আজও হাসি পায়।’শুধু যে নাটকে এমন ঘটনা ঘটেছে শখের তা নয়। চলচ্চিত্রের শুটিং করতে গিয়েও শখের হরেক রকম অভিজ্ঞতা হয়েছে। ‘ছবির নাম তোমাকে ছাড়া বাঁচব না। জীবনে প্রথম চলচ্চিত্রে কাজ করছি। তাই সবকিছু মিলিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ছবির শুটিং হবে ব্যাংককে। একটা পাহাড়ে গেলাম। ওমা! গিয়ে দেখি চারদিকে শুধু বানর। একটা বানর তো এসে আমার গড়ির ছাদে বসে পড়ল। এক থাই মহিলা বানরটিকে সরতে বলায় সেটি এসে মহিলার গালে থাপড় বসিয়ে দিল। আমি তো ভয়ে কুঁকড়ে গেলাম। এরপর স্থানীয় কিছু লোক এসে নানা কায়দায় বানরগুলো সরিয়ে দিল। মজার ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ পর বানরগুলো এসে আমাদের শুটিং দেখতে শুরু করল। এবার কিন্তু ওরা একদম ভদ্র দর্শক। কোনো নড়াচড়া নেই, কোনো উৎপাতও করল না। আজও সে কথা মনে পড়ে আমার।’ বলছিলেন শখ।শখের ছবি মুক্তি পাবে আর কিছুদিনের মধ্যেই। তবে অভিযোগ শখের কণ্ঠে, ‘দেখুন না, একটি ছবিতে অভিনয় করার পর আমি ঠিক করেছি যে ছবিটির ফলাফল দেখে পরবর্তী ছবি হাতে নেব। আর এরই মধ্যে কোনো কোনো কাগজে সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি নাকি দেবাশীষ বিশ্বাসের ছবিতে অভিনয় করছি। এ ধরনের বানানো সংবাদ পড়লে মেজাজটা খারাপ হয় না? দেবাশীষ আমার সঙ্গে এ বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত করেননি। তার পরও কেন এমন খবর হয়?’শখ জানালেন, তিনি এর মধ্যে অনেক ছবিতেই অভিনয় করার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু এক্ষুনি নয়। ‘প্রথম ছবিতে দর্শক আমাকে কীভাবে গ্রহণ করছে সেটি আগে দেখার বিষয়। যদি ভালোভাবে গ্রহণ করে, তবেই তো বলব সত্যি আমি ভাগ্যবতী। আর যদি সেটি না হয়, তখন আমি চেষ্টা করব এরপর আরও ভালো অভিনয় উপহার দিতে। কিন্তু কখনোই ঢালাওভাবে ছবিতে অভিনয় করব না। বছরে দুই থেকে তিনটি ছবিতে কাজ করতে চাই। কম কাজ করব কিন্তু ভালো ছবিতেই কাজ করব।’