শঙ্কা ও সম্ভাবনা
এবার ঈদে বাজারে এসেছে বেশ কিছু অডিও অ্যালবাম। সেখান থেকে নির্বাচিত কিছু অডিও অ্যালবামের সমালোচনা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানএবার হাতে এসেছে ১৪টি অডিও অ্যালবাম। এর মধ্যে কিছু ভালো লেগেছে, কিছু মোটামুটি, কিছু খারাপ লেগেছে, আর কিছু মন্তব্য করারই যোগ্য নয়। আমি সুকণ্ঠে গান শুনতে ভালোবাসি। চর্চিত কণ্ঠের কারুকাজ, কথা ও সুর অনুযায়ী আবেগ প্রকাশের পরিমিতি বোধ ও স্বর প্রক্ষেপণের যথার্থতা আমাকে আকৃষ্ট করে। গানের কবিতা রচনার ব্যাপারে আমি শুদ্ধাচারী বলেই যেকোনো অসুদ্ধতা আমাকে বিরক্ত করে। এসব দৃষ্টিকোণ থেকেই আমি তথাকথিত অ্যালবামগুলো নিয়ে আলোচনা করব। আরেকটি কথা, অচর্চিত কণ্ঠকে কম্পিউটারের সাহায্যে সুরে আনতে গিয়ে যে ক্যাঁ-কুঁ শব্দ করা হয়, তা আমার কাছে খেতে বসে দাঁতের নিচে কাঁকর পড়ার মতো কিংবা বালুময় মেঝেতে কেউ স্যান্ডেল ঘসে ঘসে হাঁটলে যেমন দাঁতের মধ্যে শিরশির করা একটা অসহ্য অনুভূতি হয় তেমন লাগে। এ কারণে কয়েকটি অ্যালবামের সমালোচনায় গেলাম না।১.আলোচনা শুরু করা যাক ভালো লাগা দিয়েই। ভালো লাগাটাও শুরু হোক ভালোবাসার জ্বালা দিয়ে। বারী সিদ্দিকীর কণ্ঠে গীত গানগুলোর একটি ছাড়া সবই রচনা করেছেন শহীদুল্লাহ ফারায়জী। তাঁর রচনাগুলো তাঁর মতোই সহজ-সুন্দর। একটি থেকে অন্যটির বিষয়-বৈচিত্র্যও আকর্ষণীয়। দু-একটি গানে ছন্দ-অন্ত্যমিলের একটু দুর্বলতা কষ্ট দিয়েছে। দুটি গানে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ। ভালো লেগেছে। বাকি গানগুলোর সুর বারী সিদ্দিকীর নিজের। বারী সিদ্দিকী তো এরই মধ্যে মহাতারকা ও বোদ্ধা ওস্তাদ মানুষ। তাঁর সম্পর্কে মন্তব্য করতে সাহস পাচ্ছি না। তবে সুরগুলোতে বৈচিত্র্য থাকলে আমার মতো আনাড়ি শ্রোতার আরও ভালো লাগত।২.ফকির লালন বলে রিংকুর এ আয়োজনটি নিয়ে প্রথমেই যা বলব তা হলো, লালন সাঁইজিকে আর নতুন করে লালন-পালনের দরকার নেই। তাঁর গান তাঁর শিষ্য-প্রশিষ্যদের মতো করে গাওয়াই উত্তম। তাঁর গানের সঙ্গে ‘দারিরারিরা’, ‘নারে নারে নানা নানা’ ইত্যাদি অর্থহীন শব্দ সংযোজন, মূর্খজনোচিত বেয়াদবি। বহু গানেই ‘র’ ও ‘ড়’-এর উচ্চারণবিভ্রাট শ্রুতিকটু। এটুকু জিহ্বার আড়ষ্টতা কাটাতে না শিখে গান গাওয়া উচিত নয়। প্রচ্ছদে একতারা হাতে ছবি সংযোজন করলেও গানে তার ব্যবহার নেই। যন্ত্রানুষঙ্গ একেবারেই অলালনীয়।৩.মানুষ যখন ফুরিয়ে যায়, তখন প্রয়োজন হয় নানা ভড়ঙের। সাজুর কি তা-ই হলো? এই আয়োজনের নামকরণ ধন্য(!) প্রথম গানটির মতো বিরক্তিকর গান আর শুনিনি। রচনা ও সুরের মান অতি নিকৃষ্ট। দ্বিতীয় গান, ‘পাশের বাড়ির সুমি’ও তাই। ‘আমার চোখের জলে’ গানটি অতিশয় সস্তা কথার। ‘মাটির খাঁচায়’ গানটি এজাতীয় কথায় রচিত বহু ভালো গানের একটি নিম্নমানের সংস্করণ। সাজুর নিজের লেখা গানগুলো যেমন ছন্দে দুর্বল অন্ত্যমিলে গোঁজামিল তেমনি কাব্যহীন। যন্ত্রানুষঙ্গের মাতলামিতে দুর্বিনশাহকে দূরবীক্ষণ যন্ত্র লাগিয়েও চেনা গেল না। শাহ আবদুল করিমের গানটিতে সুরারোপ ও যন্ত্রের ব্যবহারের কারণে অশ্রাব্য হয়ে উঠল। ‘সোনাবন্দে আমারে দিওয়ানা বানাইলো’ গানটির সঙ্গে বাঁদর নাচের সংগীতানুষঙ্গ কেন?৪.শফিক তুহিন ডটকম নিয়ে আলোচনা না করাই উত্তম। কথা-সুর-যন্ত্রসংগীত-গায়নভঙ্গি—সব মিলিয়ে একটাই প্রশ্ন করা যায়, এসব কী হচ্ছে?৫.রাজীবের কণ্ঠটি ভালো। একলা মানুষ আয়োজনের প্রথম গানটিতে যান্ত্রিক কারিগরির প্রয়োজন ছিল না তার। বেশ কয়েকটি গানই ভালো লেগেছে, বিশেষ করে ‘একলা মানুষ’ গানটি। লুৎফর হাসানের রচনা বেশ ভালো। তবে অন্ত্যমিলগুলোর দিকে আরেকটু সুবিচার করতে পারতেন। অন্ত্যমিল সৃষ্টি খুব কঠিন কাজ নয়। কাওরাইন সৌরভ যথেষ্ট মিলপটু, ভালো মানের রচয়িতা। আস্থায়ীতে ফেরার জন্য অন্তরার শেষ একটা করে সেতুবন্ধ পঙিক্ত রচনা ওর জন্য কঠিন হবে না। এ ক্ষেত্রে ডা. শাহেদকে ওদের পাশাপাশি তুলে আনতে পারলাম না। লোকসংগীতগুলোর চয়ন সুন্দর—রাজীব গেয়েছেও বেশ। রাজীবকে ধন্যবাদ।৬.পড়শী। মেয়েটির গলা ভালো। কিন্তু উচ্চারণে অবাঙালিসুলভ হওয়াটা কি ইদানীং সময়ের আভিজাত্য? এতে কি মাতৃভাষা এবং মাকে অপমান করা হয় না? কোথাও কোথাও অকারণ স্বরভঙ্গ করার কাতরানি বা কোঁথ দেওয়ার প্রয়োজন বুঝতে পারিনি। এটা এ প্রজন্মের ‘স্টাইল’ হলে তা শুভলক্ষণ নয়। বিশেষত কণ্ঠটি যখন ঝরঝরে, তখন ঝর্ণার মতো সহজ-স্বাচ্ছন্দ্যই কামনা করব। একটি গানে সহপুরুষ কণ্ঠটি লজ্জার সঙ্গে মজা মেলাতে গিয়ে অনেকটা ‘মজ্জা’ বলে ফেলেছে। হয়তো মজ্জার অর্থ জানা নেই বলেই এই বিভ্রাট। গানগুলোর সুর ভালো। গানগুলো যাঁরা লিখেছেন, তাঁদের কাব্যবোধ চমৎকার। অমনোযোগ কেবল ছন্দ ও অন্ত্যমিল সৃষ্টিতে। অথচ সে ক্ষমতা যে নেই, তা-ও কিন্তু নয়। ‘কোন চোখেতে দেখছ সবুজ’ তার প্রমাণ। বাপ্পা মজুমদারকে গানটির সুরসৃষ্টির জন্য আলাদা করে ধন্যবাদ দিই।৭.না বলা ভালোবাসা এই আয়োজনের পুরুষ কণ্ঠগুলোর মধ্যে ফজলুর রহমান বাবুর কণ্ঠটি সহজ স্বাভাবিক। আইয়ুব শাহরিয়ারও ভালো। মেয়েদের মধ্যে চম্পা বণিক যথেষ্ট ভালো, মিমিও আবেগে-উচ্চারণে স্পষ্ট। গানগুলোর মধ্যে সুরে বৈচিত্র্য আনার চেষ্টার জন্য আরেফিন রুমিকে ধন্যবাদ। যন্ত্রসংগীতে সংযত সংযোজন ভালো লাগল। ইমন সাহার সুর দুটিও ভালো। তবে ‘আরে চল গোরী’ গানটির শিল্পী যেভাবে বহুবার ‘গোরী’ বলতে ‘গোড়ি’ বলেছে, কখনো ‘ঘোড়ী’ যে বলে ফেলেনি সেটাই ভাগ্য। সারা আয়োজনে যা নৃশংসভাবে খারাপ লেগেছে, তা হলো এলোমেলো কথা এবং ছন্দ না জেনে ছন্দ ভাঙার বালখিল্যতা।৮.শিরোনামহীন-এর রবীন্দ্রনাথ-আলোচনাহীন থাকাই উত্তম। ‘বন্যা’ যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা ভঙ্গের বেদনা তাঁকে বইতেই হবে। অশীলিত কণ্ঠ ও স্বর প্রক্ষেপণসহ অন্য কোনো এক্সপেরিমেন্টের অপেক্ষায় না থেকেই রবীন্দ্রসংগীত সম্পূর্ণ। চেষ্টা করেও তাকে অবনমিত করা যাবে না।৯.প্রেমের মরা জলে ডোবে না। এটা শিরোনাম হলেও এ আয়োজনটি ডোবার জন্য জলেরও প্রয়োজন নেই। শিরোনামের গানটি অমর শিল্পী আবদুল আলীমের কণ্ঠের স্মৃতি ও শ্রুতিয়ার কানে আছে, সে এই পরিবেশনা শুনলেই কান চেপে ধরবেন। ‘র’-‘ড়’-এর উচ্চারণবিভ্রাট কাঁটার মতো কানে বিঁধেছে। আরেকটি কথা, লালন হত্যার চেষ্টা করে লাভ নেই। পারা যাবে না।১০.অন্য রকম। আমার খুবই ইচ্ছা আসিফ ইকবালকে নিয়ে ঘনিষ্ঠভাবে বসার। ওর আধুনিক দৃষ্টিভঙ্গি এবং কাব্য সৃষ্টির চেষ্টাটা ভারি সুন্দর। যেটার অভাব সেটা হলো, চিরকালীনতার দিকে দৃষ্টি দেওয়া। অন্য রকমও সেই বৃত্ত থেকে বেরোতে পারেনি। আসিফের গানের কবিতাগুলোতে একটা অসম্পূর্ণতা থাকে। সুরেও তার প্রতিফলন। সমকালীন একটা চমক সৃষ্টি হলেও স্থায়িত্ব পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বাংলা গানের চিরায়ত কাঠামো, অস্থায়ী-অন্তরা-সঞ্চারী-আবেগ কিংবা অস্থায়ী প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরার মাপ সমান রেখে করা একটু কঠিন অবশ্যই, কিন্তু করা গেলে সেটাই টিকে থাকে। অন্য রকম-এর শিল্পী মাহাদীর কণ্ঠটা চমৎকার। পরিচ্ছন্ন উচ্চারণ, পরিমিত আবেগ এবং স্বর প্রক্ষেপণের দক্ষতা তাকে ভবিষ্যতের আস্থা হিসেবে চিহ্নিত করতে পারে। তারও উচিত চিরায়ত গানের ধারায় আসা। পৃথ্বীও সুরারোপে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। তার পরও গানগুলো শুনতে শুনতে প্রায় প্রতি ক্ষেত্রেই মনে হয়েছে একটা বিরাট স্বপ্ন ছিল, এক লহমায় ভেঙে গেল।১১.অনুকাব্য তৌসিফের কণ্ঠটা পরিষ্কার—সুরেলা। কোনো কৃত্রিম আওয়াজ বের করার চেষ্টা নেই। একটি গানে সহশিল্পী হিসেবে যুক্ত লিজার কণ্ঠটিও যথেষ্ট মিষ্টি। এ আয়োজনের সব গানের সুরও ভালো লেগেছে। কথার বিশৃঙ্খলা নিয়ে লিখতে আর ভালো লাগে না। হয়তো নতুন কিছু হওয়ার আগের এলোমেলো সময় এটা। কিন্তু বহুদূর-দূর পর্যন্ত তাকিয়েও নতুন কিছু ঘটানোর মতো প্রতিভার চিহ্নমাত্রও দেখতে পাচ্ছি না। অথচ এই আয়োজনের গানগুলো যাঁরা লিখেছেন, তাঁদের মধ্যে চিরায়ত বিশুদ্ধ গান লেখার ক্ষমতার দুর্নিরীক্ষ নয়। সুরগুলোও ভালো।১২.কমন জেন্ডার খুবই ভালো লেগেছে এমন একটি নিরীক্ষা। আরেফিন রুমী এখানেও ভালো কাজ করেছেন। অনুরূপ আইচকেও ধন্যবাদ। বিশেষ করে কারও নাম না বলে। এই ব্যতিক্রমী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকেই অভিনন্দন।একটি কথা সবশেষে বলতেই হয়, তা হলো, এবারের প্রায় সব আয়োজনেই লোকসংগীতমনস্কতা বিশেষ করে লক্ষণীয়। অর্থাৎ মূল থেকে সরে যাওয়ার ভুল এ প্রজন্ম অনুভব করতে শুরু করেছে। এটা আশার।