ফেরদৌসী আবেদীন। একক অভিনয় করছেন জিয়নকাঠির স্ত্রীর পত্র নাটকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও হলে আজ সন্ধ্যায় নাটকটির প্রদর্শনী হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে তৈরি এই নাটকের নির্দেশনা দিয়েছেন বিপ্লব বালা। কথা হলো ফেরদৌসী আবেদীনের সঙ্গে।‘স্ত্রীর পত্র’ কবে মঞ্চে এনেছেন?মঞ্চনাটক আকারে স্ত্রীর পত্র আমরা মঞ্চে এনেছি ২০০৫ সালে। প্রথম প্রদর্শনী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। এর আগে বিভিন্ন মঞ্চে আমরা স্ত্রীর পত্র নাটকে বাচিক অভিনয় করেছি। পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী স্ত্রীর পত্র মঞ্চনাটক আকারে নিয়ে আসি। মাঝে নিজের কিছু অসুবিধা আর দেশের বাইরে থাকার কারণে নাটকটির প্রদর্শনী স্থগিত ছিল। এখন প্রতি মাসেই প্রদর্শনী হচ্ছে।একক অভিনয় করতে কেমন লাগছে?আমি কিন্তু নাটকের মানুষ নই। আবৃত্তি করি। সেখান থেকেই দলের সিদ্ধান্তে অভিনয় করতে রাজি হয়েছিলাম। যেহেতু একক অভিনয়, তাই প্রতিটা প্রদর্শনীতেই নিজের মধ্যে একটা চাপ অনুভব করি। কারণ, আমার ওপর সবকিছু নির্ভর করে। কাজটা ভালো করার জন্য গোড়া থেকে আমাদের দল আর বিপ্লব বালার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?খুব ভালো। গত বছরের ৩১ ডিসেম্বর নাটকটি দেখেছিলেন কবি শঙ্খ ঘোষ। দিনটি আমার জন্য ছিল খুব উল্লেখযোগ্য। তিনি খুব প্রশংসা করেন। শেষে তিনি আমাকে কিছু পরামর্শ দেন। সম্প্রতি বিয়াম মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের একটি অনুষ্ঠানে নাটকটি করেছি। নাটক শেষ হওয়ার পর সেখানে কয়েকজন নারী আমাকে জড়িয়ে ধরেন। এসব অনুভূতি দেখে দারুণ উৎসাহ পেয়েছি।