শঙ্খচিলের ডাবিং শেষে অসুস্থ কুসুম

নতুন ছবি ‘শঙ্খচিল’-এর ডাবিং করতে সম্প্রতি কলকাতা গিয়েছিলেন অভিনেত্রী কুসুম সিকদার। কলকাতা থেকে ফিরে ঢাকাতেও এ ছবির কিছু অংশের ডাবিংয়ের কাজ করেন তিনি। আর এরপর পরপরই ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হন কুসুম সিকদার। জ্বর বেড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত চিকিৎসকেরই শরণাপন্ন হতে হয়েছে তাঁকে। প্রাথমিক সব ধরনের চিকিৎসা শেষে এখন পুরোপুরি বিশ্রামেই আছেন কুসুম।
প্রথম আলোর সঙ্গে আলাপে কুসুম বলেন, ‘কলকাতা যাওয়ার আগেই কিছুটা অসুস্থ বোধ করছিলাম। ডাবিংয়ের সময় টানা দীর্ঘ একটা সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে হয়েছে। এ সময় ঘরের তাপমাত্রা শীতাতপের সাধারণ যে তাপমাত্রা তার চাইতেও কম ছিল। কলকাতা ও ঢাকায় একটানা কয়েকটা দিন কাজের চাপের কারণেই সম্ভবত এই জ্বর। আক্রান্ত হয়েছি ঠান্ডাজনিত সমস্যাতেও। সব মিলিয়ে খুব বাজে অবস্থায় পড়ি। চিকিৎসকের পরামর্শে এখন বাসায় বিশ্রামেই আছি। কোনো শুটিং করছি না। আরও কয়েকটা দিন এভাবেই থাকতে হবে।’
কুসুম জানিয়েছেন, কলকাতায় ‘শঙ্খচিল’ ছবির ডাবিংয়ের পাশাপাশি এ ছবির ছোট একটি অংশের শুটিংয়ের কাজও করেছেন তিনি।
‘শঙ্খচিল’ ছবিতে কুসুম অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বিপরীতে। ছবির পরিচালক গৌতম ঘোষ। কুসুম জানান, এবারই প্রথম এই দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তিনি।
এ প্রসঙ্গে কুসুম বলেন, ‘ অনেকদিন ধরে ভালো কোনো ছবিতে অভিনয়ের অপেক্ষায় ছিলাম। “লালটিপ” ছবিটি মুক্তির পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও কোনোটির গল্প পছন্দ হয়েছে তো নির্মাতার সঙ্গে বনিবনা হয়নি। আবার, কোনো নির্মাতার কথাবার্তা ভালো লাগলেও গল্প মোটেও ভালো লাগেনি। এখন মনে হচ্ছে, অপেক্ষা করে ভুল করিনি। অসাধারণ গল্পের একটা ছবিতে অভিনয় করলাম। গুণী নির্মাতার পাশাপাশি একজন গুণী অভিনেতাকে সহশিল্পী হিসেবে এক ছবিতে পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের। এর বেশি আপাতত কিছুই বলব না। ছবিটি মুক্তির পর সবাই দেখলে বুঝতে পারবেন।’