
‘নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে/ মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে...’ গানের সঙ্গে ঝুমঝুম পায়েলের আওয়াজ। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের দর্শকদের চোখ তখন মঞ্চে। তন্ময় হয়ে তাঁরা দেখছেন নৃত্য আর গানের অপূর্ব মিশেল। কেউ কেউ গুনগুন করে গাইলেনও। শচীন দেববর্মনের গানের আবেদনটা এমনই যে মনের অজান্তে গানে ডুবে যায় শ্রোতা।
শচীন দেববর্মন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও শিল্পী। সেসব গানের সুরে আজও আলোড়িত হয় সংগীতানুরাগীরা। গতকাল মঙ্গলবার শীতের সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ভেসে বেড়াল কিংবদন্তি এই শিল্পীর অমর সব গানের সুর। সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’র আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হলো দুই দিনের শচীন দেববর্মন সংগীত উৎসব।
নির্ধারিত সময়ের কিছু সময় পরেই প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি গোলাম কুদ্দুছ।
উদ্বোধনী আলোচনা শেষে শুরু হয় বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সংগীত পরিবেশনা পর্ব। শুরুতেই ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক...’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা। এরপর চলে একক গানের পরিবেশনা। ‘কে যাসরে ভাটির গাং বাইয়া’সহ তিনটি গান গেয়ে শোনান সন্দীপন। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, ইফফাত আরা নার্গিস, সুমন চৌধুরী, রুপু খান ও মামুন জাহিদ খান।
আজ বুধবার সন্ধ্যা ছয়টায় একই স্থানে বসবে উৎসবের সমাপনী আয়োজন।