শচীন হতে আগ্রহী আমির!

নিজেকে শচীন টেন্ডুলকারের বিশাল একজন ভক্ত দাবি করে তাঁর চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সানন্দে রাজি হয়ে যাবেন বলেই জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘বড় পর্দায় শচীন টেন্ডুলকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে এবং চিত্রনাট্য পছন্দ হলে আমি সানন্দে রাজি হয়ে যাব। আমি শচীনের ভক্ত। তাঁর চরিত্রে অভিনয় করতে পারলে আমার অনেক ভালো লাগবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এদিকে শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট খেলা দেখতে গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আমির খান। সেখানে খেলা দেখার পাশাপাশি ধারাভাষ্যও দিয়েছেন তিনি। শচীনের প্রশংসা করে আমির বলেন, ‘শচীন আমাদের আশাবাদী হতে শিখিয়েছেন। তিনি ভারতের গর্ব। নিঃসন্দেহে তিনি অবসরে যাওয়ার পর আমরা শূন্যতা অনুভব করব। কিন্তু আজ মনের সব কষ্ট ভুলে আমরা তাঁর খেলা উপভোগ করব।’
আমির অভিনীত ‘ধুম ৩’ ছবির ‘ধুম মাচালে’ গানটি তিনি উত্সর্গ করেছেন শচীন টেন্ডুলকারকে। এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা “ধুম মাচালে” গানটি অসম্ভব প্রতিভাবান এই মানুষটিকে উত্সর্গ করছি। আজীবন আপনাকে ভালোবেসে যাব। আপনার ভক্ত, আমির।’