
‘শচীনকর্তার গান গাওয়ার চেষ্টা করা বাতুলতা। তবু গাই, যদি কর্তার খানিকটা কাছে যেতে পারি।’ গান শুরু করার আগে শচীন দেববর্মনের প্রতি শ্রদ্ধার আবেশ ঝরে শিল্পী কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে। ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট তখন শ্রোতাপূর্ণ। একটি সন্ধ্যা তাঁরা কাটালেন শচীনের সুরের জাদুতে। সঞ্জয় রায়ের কণ্ঠে তাঁরা ইতিমধ্যে শুনে ফেলেছেন ‘কাঁদিব না ফাগুন গেলে’, ‘যদি দক্ষিণা পবন’সহ মোট পাঁচটি গান।
গতকাল সন্ধ্যার এই গানের আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর স্টার মেলোডিজ। উপলক্ষ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করা। কিরণ চন্দ্র রায় শুরু করেন ‘বিরহ বড় ভালো লাগে’ দিয়ে। একে একে গেয়ে শোনান ‘কোন পরবাসে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘মন দিল না বধূ’সহ বেশ কয়েকটি গান।
শচীন দেববর্মন লোকগানের সঙ্গে উচ্চাঙ্গসংগীতের একটি সম্মিলন ঘটিয়েছিলেন। সেগুলো ছাড়াও তাঁর সুরে কিছু হিন্দি সিনেমার গান নিয়ে এই আয়োজনে গাইবার কথা শিল্পী নাসিমূল মাহবুব, সাব্বির জামান, রন্টি দাশের। তাঁদের প্রস্তুতির বেশ কয়েকটি গান প্রবীণ শিল্পীরা গেয়ে ফেলায় একটু বিপাকেই পড়ে যান এই শিল্পীরা।