শটটি তো 'ওকে' হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা মিলি
ফারহানা মিলি

এনজি শট নিয়ে কত কাহিনি, কোনটার কথা বলব! শুরু করি প্রথম থেকে। মিডিয়ায় আমি যখন প্রথম শুরু করি, তখনকার ঘটনা। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। শট বা এনজি শট তেমনভাবে বুঝি না। তো নাহিদ আহমেদ পিয়ালের একটি নাটকে অভিনয় করছি। দৃশ্যটি এমন ছিল, আমি গড় গড় করে কয়েকটি সংলাপ বলে যাব। পরিচালক প্রস্তুত, ক্যামেরা প্রস্তুত কিন্তু বুক ঢিপ ঢিপ করছে আমার! আমি সংলাপ বলতে শুরু করলাম। শুরুটা ভালোই ছিল। তবে গণ্ডগোল বাধল মাঝপথে এসে, সংলাপ গুলিয়ে ফেললাম। পরিচালক বললেন, ‘হয়নি। এনজি। তুমি সংলাপগুলো আরেকটু ভালোমতো মুখস্থ করে নাও।’ সেই তো আমি বুঝলাম এনজি শটের মর্ম।
অনেকবার ধারণ করার পর ‘ওকে’ হয়েছিল ওই শটটি।
এবার দ্বিতীয় ঘটনা। সুমন আনোয়ারের পলাশের রঙ নামে নাটকের শুটিং করছি। ভাষা আন্দোলনের ঘটনা নিয়ে নাটক। এখানে ১৯৫২ ও বর্তমান সময় পাশাপাশি হেঁটেছে। যে দৃশ্যের কথা এখন বলছি, ওই দৃশ্যটি ছিল বেশ বড়। আমার সহশিল্পী ইন্তেখাব দিনার ও ওয়াহিদা মল্লিক জলি। দৃশ্যটি ছিল একটু জটিল, ইন্তেখাব দিনারের মুখে আমি রং মাখাব। তারপর মুহূর্তের মধ্যে পোশাক বদলে পেছনের দরজা দিয়ে এসে দিনার দাঁড়াবেন একটি জানালার কাছে। আর তখনই ফ্রেমে ঢুকবেন ওয়াহিদা মল্লিক। এ পুরো ঘটনাগুলো একবারে ধারণ করা হবে ক্যামেরায়।
শীতের রাত। আমরা শুটিং করছি। দৃশ্য ধারণের আগে পরিচালক খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন আমাদের। প্রথমে আমরা ভেবেছি, এ আর এমন কী! কিন্তু পরে বুঝলাম, দৃশ্যটি কত জটিল। যতবার দৃশ্যটি ধারণ করা হয়, কোনো না কোনোভাবে এনজি হয়। কোনোবার হয়তো সময়ে মেলে না, আবার কোনো সময় দিনার ভাই জানালার কাছে আসতে পারেন না...ইত্যাদি ইত্যাদি।
এদিকে যতবার শট এনজি হয়, আমি দিনার ভাইয়ের মুখে রং লাগানোর কারণে ততবার রঙিন হয় তাঁর মুখ। ফলে মুখ থেকে ওই রং তুলতেও যথেষ্ট সময় লাগে। এভাবেই বয়ে যায় সময়, আমাদের শট আর ‘ওকে’ হয় না।
পরিচালকের ধৈর্য অসীম। বারবার শট নিতে তাঁর কোনো অনীহা নেই। কিন্তু তীব্র শীতের রাতে এতবার শট দিয়ে সেটি ‘ওকে’ না হওয়ায় ততক্ষণে মেজাজ বিগড়ে যাওয়ার জোগাড় আমাদের। প্রতিবার শট এনজি হয় আর মন খারাপ করে প্রবল উত্সাহে আবার শট দিতে যাই আমরা। মনে আশা, এবার শটটি ‘ওকে’ হোক!
অতঃপর আমাদের আশা যখন পূর্ণ হলো, ঘড়িতে তখন রাত তিনটা। শীতে কুঁকড়ে যাচ্ছি সবাই। মুখে তবু আনন্দ, যাক বাবা, শটটি তো ‘ওকে’ হয়েছে!
অনুলিখন: নয়ন হক