শত পর্বে ‘এবিসি মিঠা-কড়া’
সাম্প্রতিক ঘটনা ও বিষয় নিয়ে এফএম ৮৯ দশমিক ২ এবিসি রেডিওর আলোচনা অনুষ্ঠান ‘এবিসি মিঠা-কড়া’ কাল বুধবার শত পর্বে পা রাখছে। দিনের প্রধান খবর বা সময়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্টুডিও এবং স্টুডিওর বাইরে থাকা বিশেষজ্ঞ, সাধারণ মানুষের মতামত, ব্যাখ্যা-বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা থাকে এ অনুষ্ঠানে। খুদে বার্তা পাঠিয়ে এতে শ্রোতারাও অংশ নেন। বিষয় বৈচিত্র্য, নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের উপস্থিতি ও আলোচনায় গভীরতার কারণে অনুষ্ঠানটি এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে। এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহর উপস্থাপনায় এবিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি শুরু হয়েছে ৩১ মার্চ। এ আয়োজনে এরই মধ্যে অতিথি হয়ে এসেছেন সুরঞ্জিত সেনগুপ্ত, ড. খন্দকার মোশারফ হোসেন, কর্নেল অলি আহমদ, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, মনজুুরুল আহসান খান, আবদুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম খান, হাসানুল হক ইনু, ব্যারিস্টার নাজমুল হুদা, নূহ উল আলম লেনিন, ড. জামিলুর রেজা চৌধুরী, ড. হোসেন জিল্লুর রহমান, হাফিজ উদ্দিন খান, সি এম শফি সামী, ড. আইনুন নিশাত, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সাজ্জাদ জহির, ড. ইফতেখারুজ্জামান, ড. ম তামিম, এম সাখাওয়াত হোসেন, এবিএম মূসা, মতিউর রহমান, গোলাম সারওয়ার, মতিউর রহমান চৌধুরী, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ড. শাহদীন মালিক, খন্দকার মাহবুব হোসেন, সারা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. গীতিআরা নাসরিন, ড. আমেনা মোহসীন, ড. দেলওয়ার হোসেন, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।অনুষ্ঠানটির শততম পর্বে কাল অতিথি হয়ে আসছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এ আয়োজনে ‘গণমাধ্যম পরিস্থিতি’ নিয়ে আলোচনা হবে।রোববার থেকে বৃহস্পতিবার পাঁচ দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর ছয়টা ৩৫ মিনিটে প্রচার হয় অনুষ্ঠানটি। শুধু রোজার মাসে ‘এবিসি মিঠা কড়া’ প্রচার হচ্ছে বিকেল চারটা ১০ মিনিটে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’। আয়োজনটি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন এবিসির সংবাদকর্মী মোর্শেদ নোমান, শাহনাজ শারমীন, সীমা ভৌমিক, আমীন আল রশীদ ও সাঈদা ইসলাম। অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি শোনা যায় www.abcradiobd.fm। এ ছাড়া সর্বশেষ পর্বটি এবিসি রেডিওর ওয়েবসাইটে পরবর্তী ২৪ ঘণ্টা শ্রোতাদের শোনার সুবিধার জন্য সংগ্রহে রাখা হয়।