শততম পর্বে ‘এবিসি মিঠা-কড়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক ঘটনা ও বিষয় নিয়ে এফএম ৮৯ দশমিক ২ এবিসি রেডিওর আলোচনা অনুষ্ঠান ‘এবিসি মিঠা-কড়া’র আজ বুধবার শততম পর্ব প্রচারিত হবে। দিনের প্রধান খবর বা সময়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্টুডিও এবং স্টুডিওর বাইরে থাকা বিশেষজ্ঞ, সাধারণ মানুষের মতামত, ব্যাখ্যা-বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা থাকে এই অনুষ্ঠানে। খুদেবার্তা পাঠিয়ে শ্রোতারাও অংশ নেন। উপস্থাপনা করছেন এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান-প্রধান সানাউল্লাহ। সানাউল্লাহ জানান, এবিসি স্টুডিও থেকে সরাসরি প্রচার হওয়া অনুষ্ঠানটি শুরু হয় গত ৩১ মার্চ। এ আয়োজনে এরই মধ্যে অতিথি হয়ে এসেছেন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ‘এবিসি মিঠা-কড়া’র শততম পর্বে আজ বুধবার ১৭ আগস্ট অতিথি হয়ে আসছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। আজকের আলোচনার বিষয় ‘গণমাধ্যম পরিস্থিতি’।সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। শুধু রোজার মাসে ‘এবিসি মিঠা-কড়া’ প্রচার হচ্ছে বিকেল ৪টা ১০ মিনিটে। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’। প্রযোজনা করছেন মোর্শেদ নোমান, শাহনাজ শারমীন, সীমা ভৌমিক, আমীন আল রশীদ ও সাঈদা ইসলাম। অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি শোনা যায় www.abcradiobd.fm। এ ছাড়া শ্রোতাদের শোনার সুবিধার জন্য সর্বশেষ পর্বটি এবিসি রেডিওর ওয়েবসাইটে পরবর্তী ২৪ ঘণ্টা রাখা হয়।