শততম মঞ্চায়নের দ্বারপ্রান্তে ‘রাঢ়াঙ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেগাদ লেগাদ মেনাবোনা, জোয়ান কো জোয়ান কো/ লেগাদ লেগাদ বাহাকো লেকাজে, ধরতি মা বাগান তালারে’ শুনলেই মনে হবে কোনো এক আদিবাসী জনগোষ্ঠীর কথা। হ্যাঁ, এটি একটি সাঁওতালি গান। আর সাঁওতালদের জীবনাচার, সামাজিক-রাজনৈতিক অধিকার এবং সংগ্রামী ঐতিহ্যের নানা দ্বান্দ্বিক বিষয় নিয়ে মামুনুর রশীদের অনন্য নাট্য নির্মাণ ও নাট্য নির্দেশনা রাঢ়াঙ। দেশের পাশাপাশি ভারতের দিল্লি, কেরালা ও কলকাতা এবং দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক উত্সবে হয়েছে নাটকটি। জানা গেছে, শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে এখন রাঢ়াঙ। মামুনুর রশীদ বললেন, ‘নাটকটি মঞ্চে আনা অত্যন্ত দুরূহ কাজ ছিল। কারণ, মহড়ার পর মহড়া, গান, কোরিওগ্রাফি—সবকিছু মিলিয়ে শিল্পীদের অনেক শ্রমের ফসল এই নাটক। নানা অভিজ্ঞতাও হয়েছে আমাদের। তবে একটা কথা বলব, নাটকটি নির্মাণে শিল্পীদের নিয়ে তেমন সংকটে পড়তে হয়নি বলে শততম মঞ্চায়ন সম্ভব হচ্ছে।’সম্প্রতি রাঢ়াঙ নাটকটির ৯৬তম প্রদর্শনী হয়েছে। শিগগিরই শততম মঞ্চায়ন উপলক্ষে পরিকল্পনার কথা জানালেন মামুনুর রশীদ। বললেন, ‘শততম মঞ্চায়ন উপলক্ষে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে একটা উত্সবের আয়োজন করব। সেমিনারও হবে। যাদের নিয়ে এই নাটক, সেই আদিবাসীদের নাটকটি দেখানোর ব্যবস্থা করা হবে।’মামুনুর রশীদ জানালেন, হলের অপর্যাপ্ততার কারণে রাঢ়াঙ নাটকের শততম প্রদর্শনী দেরি হচ্ছে। মাসে মাত্র একবার হল পাওয়া যায়।