শততম মঞ্চায়নের পথে ‘রক্তকরবী’
‘ঢাকার মঞ্চে রবীন্দ্রনাথের কোনো নাটকের শততম মঞ্চায়ন হয়েছে কি না, আমার জানা নেই। তবে রক্তকরবী নাটকটির মতো এত জনপ্রিয়তা নিয়ে রবীন্দ্রনাথের নাটক ঢাকার মঞ্চে আসেনি।’ বলছিলেন আতাউর রহমান। নাটকটির নির্দেশক তিনি। শিগগিরই রক্তকরবী নাটকটির শততম মঞ্চায়ন হতে চলেছে। ঢাকার মঞ্চে তুমুল জনপ্রিয় এ নাটকের ৯১তম প্রদর্শনী অতিক্রম করেছে ৯ জানুয়ারি মহিলা সমিতি মিলনায়তনে। আতাউর রহমান বলেন, ‘আমরা প্রায় সাত বছর ধরে নাটকটির মঞ্চায়ন করছি। এই দীর্ঘ সময় পেরিয়ে নাটকটির শততম মঞ্চায়ন করব।’ কবে নাগাদ নাটকটির শততম মঞ্চায়ন হবে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখানে মিলনায়তনের সংখ্যা একেবারেই সীমিত। এর মধ্যে পুরান ঢাকায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে। ওখানে নাটকটি করব। আশা করছি, সব মিলনায়তনে পর্যায়ক্রমে প্রদর্শনী করে আগামী মার্চের মধ্যে শততম মঞ্চায়ন করব।’ তিনি জানান, শততম মঞ্চায়নটি হবে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে। এদিন টিকিটের বাইরে ১৫০ থেকে ২০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শততম মঞ্চায়নে আসতে এত দীর্ঘ সময় নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রায় ছয়টি প্রযোজনা এখন মঞ্চে। এর মধ্যে আমি করছি চারটি এবং আলী যাকের করছেন দুটি। প্রতি মাসে আমরা মিলনায়তন বরাদ্দ পাই একটি হলের। ফলে সব নাটকই পর্যায়ক্রমে করতে হয়। আলাদা করে বছরে কোনো নাটকের একাধিক প্রদর্শনী করতে পারি না। এ কারণেই নাটকটির শততম মঞ্চায়নে আসতে সময় লাগল।’এদিকে রক্তকরবী নাটকটি ঢাকার বাইরেও একাধিক জায়গায় প্রদর্শিত হয়েছে। একই সঙ্গে দেশের সীমানা পেরিয়ে ভারতের বিভিন্ন জায়গায় এবং গত কয়েক মাস আগে মিসরের কায়রোতে আন্তর্জাতিক পরীক্ষণ থিয়েটার উত্সবেও এটি দর্শকের মন জয় করেছে।এ নাটকে অভিনয় করেছেন আতাউর রহমান, গাজী রাকায়েত, শিরিন বকুল, লুত্ফর রহমান জর্জ, অপি করিম, পান্থ শাহরিয়ার, অমি আওয়াজ প্রমুখ।২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায় রক্তকরবী নাটকটি মঞ্চে আনে।