শতবর্ষী অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট আর নেই
ডুবে যাওয়া টাইটানিক জাহাজ থেকে কিছু মানুষের প্রাণে বাঁচার বাস্তব কাহিনির ভিত্তিতে এক অসাধারণ প্রেমের ছবি তৈরি করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন। ছবিটির নাম টাইটানিক। টাইটানিক ছবিতে বেঁচে যাওয়াদের অন্যতম ছিলেন অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট। তাঁর বর্ণনায় ফুটে ওঠে সে দিনের টাইটানিকের সেই ঘটনার বিবরণ। নিজে বেঁচে গেলেও হারিয়েছিলেন প্রাণের মানুষটিকে। এটা সিনেমার কাহিনি, আর বাস্তবে ওই শতবর্ষী গ্লোরিয়া স্টুয়ার্ট গত রোববার সত্যিই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে।বিশিষ্ট অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট অভিনয় শুরু করেন ১৯৩০-এর দশকে। ১৯৪৬ সাল পর্যন্ত অভিনয় করার পর তিনি দীর্ঘদিন আর অভিনয় করেননি। এরপর ১৯৭৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি আবার অভিনয়ে সক্রিয় ছিলেন।টাইটানিক ছবিতে বেঁচে যাওয়া ১০১ বছর বয়সী রোজ ক্যালভার্টের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এ জন্য ৮৭ বছর বয়সে তিনিই সবচেয়ে বয়স্ক অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পান।তাঁর মেয়ে সিলভিয়া থম্পসন জানিয়েছেন, ‘গ্লোরিয়া নিজ শারীরিক অসুস্থতার তেমন খেয়াল করতেন না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি তাঁর লস এঞ্জেলেসের বাড়িতে মৃত্যুবরণ করেন।টাইটানিক, দ্য ওল্ড ডার্ক হাউজ, দ্য কিস বিফোর দ্য মিরর, দ্য লাভ লেটার, দ্য ইনভিজিবল ম্যানসহ বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট ১৯১০ সালের ৪ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকোতে জন্মগ্রহণ করেন।