শতবর্ষে রয়্যাল ভ্যারাইটি পারফরম্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের বর্ষীয়ান সদস্যদের উপস্থিতিতে ১৯১২ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে রয়্যাল ভ্যারাইটি পারফরম্যান্স। অনুষ্ঠানটির ১০০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে রানি এলিজাবেথের উপস্থিতিতে মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছেন যুক্তরাজ্যসহ বিশ্বের নামীদামি তারকারা।প্রতিবছরই নাচ, গান, জাদু, কমেডিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় রয়্যাল ভ্যারাইটি পারফরম্যান্স। এতে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। অনুষ্ঠানটি থেকে অর্জিত আয়ের পুরোটাই দিয়ে দেওয়া হয় এন্টারটেইনমেন্ট আর্টিস্টস’ বেনভোলেন্ট তহবিলে, যার পৃষ্ঠপোষক রানি এলিজাবেথ। এ বছর রয়্যাল ভ্যারাইটি পারফরম্যান্স অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা ডেভিড উইলিয়ামস। জেমস বন্ড সেজে তিনি মঞ্চে ওঠেন। মঞ্চ পরিবেশনায় অংশ নেন কাইলি মিনোগ, অ্যালিসিয়া কিস, নেইল ডায়মন্ড, স্যার ব্রুস ফরসিথ, ক্যাথরিন জেনকিনস, পপ ব্যান্ডদল গার্লস অ্যালাউডের সদস্যরা, ব্রিটেন’স গট ট্যালেন্ট প্রতিযোগিতার বিজয়ী অ্যাশলে বাটলার প্রমুখ। এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। অনুষ্ঠানের শেষে মঞ্চে উঠে তারকাদের সঙ্গে হাত মেলান রানি এলিজাবেথ। অনুষ্ঠানটি আসছে ৩ ডিসেম্বর সম্প্রচার করবে যুক্তরাজ্যের আইটিভি ওয়ান।