শতাধিক নতুন অ্যালবাম

‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি/ আকাশের নীল যদি আঁধারে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখোনি...।’ গানের দল ‘অবসকিউর’-এর নাম শুনলে এই গানটিই প্রথম বেজে ওঠে মনে। এবার মাঝরাতে চাঁদ নামেই এল ব্যান্ডটির দশম স্টুডিও অ্যালবাম। ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামটিতে আছে প্রায় তিন দশক আগে প্রকাশিত মূল গানটির সিকুয়াল।
গতকাল শনিবার রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) একটি রেস্তোরাঁয় অবসকিউরের নতুন গানের এই অ্যালবামটিসহ প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা ও জি সিরিজের ঈদের ১০০টির বেশি নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।
জি-অগ্নিবীণা থেকে শতাধিক অ্যালবামের প্রকাশনা উৎসবটি পরিণত হয়েছিল শিল্পীদের মিলনমেলায়। নিজেদের নতুন অ্যালবাম নিয়ে হাজির হয়েছিলেন শিল্পীরা। নতুন প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে ছিল প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম খেয়াল পোকা, সানী জুবায়েরের একক চাঁদের সরোবরে, মিলার একক আনসেন্সরড, এফ এ সুমনের জানরে তুই, তপুর একক দেখা হবে বলে, সাজুর একক সরল মনে, অভীর একক কোথা হতে এলে, ইভার একক মেঘেরা ইত্যাদি।