শতাব্দীর সাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচ্যনাটের তরুণ অভিনেতা শতাব্দী ওয়াদুদ। টেলিভিশন, মঞ্চ—কোথায় নেই এই অভিনেতা। মঞ্চ ও টেলিভিশনে টানা অভিনয় করে চলেছেন তিনি। দলের চলতি সাত-সাতটি প্রযোজনায় নিয়মিত অভিনয় করছেন। নাটকগুলো হলো: মঞ্চনাটক—সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনস, কইন্যা, রাজা এবং অন্যান্য, গন্ডার। পথনাটক—দড়ির খেলা, বিষ পাঁচালী। এতগুলো নাটকে নিয়মিত অভিনয় প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘২৫ বছর হলো থিয়েটারে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই নিয়মিত কাজ করতে পারছি। তা ছাড়া থিয়েটারটা তো করার ইচ্ছা আছে। মনের মধ্যে থিয়েটারে কাজের তাগিদ আছে। এ কারণে সমস্যা হয় না।’ কিন্তু টেলিভিশনেও তো নিয়মিত অভিনয় করছেন—মঞ্চে বাধা পড়ে না? ‘এ ক্ষেত্রে দল আমাকে সহযোগিতা করে। যদি মঞ্চে শো থাকে, একই সময় আবার টেলিভিশন নাটকে কাজ থাকলে নাটকটির প্রদর্শনীর আগে রিহার্সেলটা হয়তো দু-একদিন কম করা হয়। তা ছাড়া টেলিভিশনে যাঁদের নাটক করি, তারও জানেন আমি মঞ্চে নিয়মিত, সেদিক থেকে তাঁরাও আমাকে মঞ্চের কাজে সহযোগিতা করেন। বলা যায়, দুই জায়গা থেকেই আমি সহযোগিতা পাই। তা ছাড়া মঞ্চে কাজ করার সদিচ্ছাটাও আমার আছে। এ কারণে একটা ব্যবস্থা হয়ে যায়।’