শত্রুঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ২ জুলাই সোমবার বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকেরা।এ প্রসঙ্গে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার রাম নারায়ণের উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, ‘শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতকাল দুপুরের পর আমাদের হাসপাতালে আসেন শত্রুঘ্ন সিনহা। এর পরপরই তাঁকে ভর্তি করা হয়েছে।’চিকিত্সকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুঘ্নর বাড়িতে রঙের কাজ চলছে। এ কারণে তাঁর ফুসফুসে অ্যালার্জি দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে তাঁর। দ্রুত যথাযথ চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা উন্নতির পথে।সারা রাত শত্রুঘ্নর সঙ্গে হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী পুনম সিনহা এবং দুই ছেলে লব আর কুশ। শত্রুঘ্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া না গেলেও এক টুইটার বার্তায় তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা জানিয়েছেন, ‘অনেকে বলছেন, আমার বাবাকে নাকি আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু বিষয়টি মোটেই সত্যি নয়। তিনি এখন অনেকটাই সুস্থ এবং বাড়িতে আমাকে দেখার জন্য অপেক্ষা করছেন।’১৯৪৫ সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন শত্রুঘ্ন সিনহা। পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র শত্রুঘ্নর নামে বর্তমানে ওই প্রতিষ্ঠানে একটি শিক্ষাবৃত্তি চালু রয়েছে। শত্রুঘ্ন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাজন’ মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে। তবে তিনি প্রথম অভিনয় করেছিলেন দেব আনন্দের ‘প্রেম পূজারি’ ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭০ সালে। ১৯৭১ সালে গুলজারের ‘মেরে আপনে’ ছবিতে প্রথম মূল চরিত্রে অভিনয় করেন শত্রুঘ্ন। পরবর্তী সময়ে ‘পরমাত্মা’, ‘দিল্লাগি’, ‘চোর হো তো অ্যায়সা’, ‘ভুখ’, ‘কালা পাথর’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন ৬৬ বছর বয়সী এ অভিনেতা। কাজের স্বীকৃতি হিসেবে কলাকার পুরস্কার, কিশোর কুমার সম্মাননা, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট’ অ্যাসোসিয়েশন পুরস্কার, স্টার ডাস্ট পুরস্কার, জি সিনে পুরস্কারসহ আরও অনেক পুরস্কারই এ পর্যন্ত ঝুলিতে ভরেছেন ‘শটগান’খ্যাত এই অভিনেতা।অভিনয়ের পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও সফল শত্রুঘ্ন সিনহা। দুবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ১৫তম লোকসভায়ও নির্বাচিত হয়েছিলেন।