শনিবার থেকে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালের ডিসেম্বর মাসে শুরু। ওই বছর সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে। এর পর থেকে প্রতিবছর তা হয়ে আসছে। জোটের এ আয়োজন মুক্তিযুদ্ধের মহান বিজয় উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত। এ আয়োজনে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা প্রামাণ্য নিদর্শন, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই। বিজয় দিবস আসন্ন। দিনটি সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল বৃহস্পতিবার বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে।
কাল থেকে শুরু হবে এবারের উৎসব। ‘যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে ধার্য, গণহত্যাকারী সংগঠনের বিচার অনিবার্য’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে তিনটায় চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোটের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে উন্মুক্ত চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বর্তমান সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, প্রথম দিন কেবল শহীদ মিনারে অনুষ্ঠান হবে। পরদিন থেকে বিকেল চারটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, রায়েরবাজার বধ্যভূমি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, রবীন্দ্রসরোবর, দনিয়াসহ রাজধানীর ১২টি অনুষ্ঠান চলবে।
১৬ ডিসেম্বর সকাল ১০টায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের হবে। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে থাকবে সদ্যপ্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর মুক্তিযুদ্ধের ওপর আঁকা বিখ্যাত একটি চিত্রকর্ম।