শনিবার শুরু হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী
শনিবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হচ্ছে ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। এদিন বিকেলে জাতীয় নাট্যশালায় তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বৃহস্পতিবার চিত্রশালা প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মহাপরিচালক জানান, ৪৫৭ জন শিল্পীর ১২৫০টি কাজ থেকে বাছাই করা ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। এর মধ্যে চিত্রকর্ম ২২০টি, ভাস্কর্য ২৫টি এবং স্থাপনা শিল্প ২০টি। এবারের প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর মধ্য থেকে নয়টিকে পুরস্কৃত করা হবে। পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী পুরস্কারের জন্য শিল্পকর্ম বাছাই করবেন। বিচারকেরা হচ্ছেন: রফিকুন নবী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, ফরিদা জামান ও মনসুরুল করিম। প্রদর্শনী আগামী ১৭ জুন পর্যন্ত চলবে।