শপথ নেবেন রিয়াজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ। কিন্তু ব্যবসায়িক কাজে ইতালি থাকার কারণে নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি তিনি। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ৭ জুন শপথ নেবেন রিয়াজ। কিন্তু সেদিনও শপথ নেননি তিনি। এদিকে নির্বাচনে রিয়াজের প্যানেল পরাজিত হয়েছে। এসব নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মনেই রিয়াজের শপথ নেওয়ার ব্যাপারে প্রশ্ন তৈরি হয়।দেশে ফিরে এসব কানাঘুষা অমূলক দাবি করে রিয়াজ বলেন, ‘শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। সেই ভালোবাসার প্রতিদানে তাঁদের জন্য আমার কিছু করা উচিত। অবশ্যই আমি শপথ নেব এবং কার্যকরী পরিষদে থেকে শিল্পীদের কল্যাণে কাজ করব।’ পরপর দুবার শপথ না নেওয়ার কারণ হিসেবে রিয়াজ বলেন, ‘যে দুই দিন শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তার কোনোটিই আমাকে আগে জানানো হয়নি।’এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, ‘রিয়াজের মুঠোফোন বন্ধ ছিল। এরপর তাঁর বাসায় শপথ অনুষ্ঠানের চিঠি পৌঁছানো হয়েছে।’জানা গেছে, শিগগিরই রিয়াজের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।