শফিক তুহিনের অ্যালবামে পাঁচ আবৃত্তিকার
গীতিকার এবং গায়ক শফিক তুহিন তাঁর বেশ কিছু শ্রোতাপ্রিয় গান নিয়ে একটি আবৃত্তির অ্যালবাম বের করছেন। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গান ‘এর বেশি ভালোবাসা যায় না’র সঙ্গে মিল রেখে আবৃত্তির অ্যালবামটির নামও রেখেছেন ‘এর বেশি ভালোবাসা যায় না’। জানা গেছে, আবৃত্তির অ্যালবামে স্থান পাওয়া গানগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে জনপ্রিয় হয়েছে। এবার ওই গানগুলো আবৃত্তির অ্যালবাম হিসেবে প্রকাশ করা হচ্ছে। আবৃত্তির এ অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিমূল মুস্তাফা, বিপাশা হায়াত, শারমিন লাকি, আরমান পারভেজ মুরাদ ও শামস সুমন। বিপাশা হায়াত বলেন, ‘আমি ওনার ভালোবাসি গানটা শুনেছিলাম। গানটি শুনে ভালো লেগেছে। তারপর যখন আবৃত্তির অ্যালবামটির কথা বললেন, তখন গানের কথাগুলো দেখেই অ্যালবামটি করার চিন্তাভাবনা করি। গানের কথাগুলোয় যে নাটকীয়তা রয়েছে, আমি আসলে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শ্রোতাদের অনুভূতির জায়গাটা ছুঁয়ে গেলে সেটাই হবে আমার আবৃত্তির সার্থকতা।’ আরমান পারভেজ মুরাদ বলেন, ‘আবৃত্তি অনেক বেশি চর্চার একটি বিষয়। এ অ্যালবামে শফিক তুহিনের জনপ্রিয় কিছু গানের আবৃত্তি করেছি। ভালোই লেগেছে আবৃত্তি করতে। এখানে আরও ছিলেন শিমূল মুস্তাফা, শামস সুমন, শারমিন লাকি। মোটামুটি আমরা সবাই বেশ উপভোগ করেছি কাজটি করতে গিয়ে।’শফিক তুহিন বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল গানগুলোর আবৃত্তি আকারে প্রকাশ করার। অবশেষে সবার আন্তরিক সহযোগিতার কারণে সেটি করতে পেরেছি। এজন্য আমি শিমূল মুস্তাফা, বিপাশা হায়াত, শারমিন লাকি, আরমান পারভেজ মুরাদ ও শামস সুমনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।শফিক তুহিনের আবৃত্তির অ্যালবাম ‘এর বেশি ভালোবাসা যায় না’ প্রকাশিত হবে অগ্নিবীণার ব্যানার থেকে।