শফিক তুহিনের নতুন মিউজিক ভিডিও

নতুন একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন শফিক তুহিন। সুইডেনের মনোরম লোকেশনে শুটিং হয়েছে এই মিউজিক ভিডিওর। সুইডেনের সুইডিশ নোবেল হাউস, ক্রুজশিপ, কুইনস হাউস, ওল্ডিস্টেন প্রভৃতি স্থানে সয়না মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শফিক তুহিন নিজে। মাহমুদ মানজুরের লেখা গানটির ভিডিও নির্মাণ করেছেন সুইডেন প্রবাসী নির্মাতা আরিফুর রহমান।
শফিক তুহিন বলেন, ‘সুইডেনে মিউজিক ভিডিওর শুটিং করতে যাইনি। সেটা আপাতত সম্ভবও না। গেল মাসে সুইডেন গিয়েছিলাম দুটি কনসার্টে অংশ নিতে। কনসার্ট শেষে প্রবাসী নির্মাতা বন্ধু আরিফকে সঙ্গে নিয়ে “সয়না”র ভিডিওটি তৈরি করলাম। কারণ, সেখানকার লোকেশনের অপার মুগ্ধতায় আমাকে গানের ভিডিওটি করার ক্ষেত্রে আগ্রহী করে তোলে। সেই মুগ্ধতাকে গানের মধ্য দিয়ে ধরে রাখব বলেই আমার নতুন গান “সয়না”র ভিডিওটি করলাম। আশা করছি, সবার ভালো লাগবে গানটি শুনে-দেখে।’
উল্লেখ্য, ‘সয়না’ গানটি ঈদে মুক্তি প্রতীক্ষিত মিশ্র অ্যালবাম ‘ধুলোর গান’-এ থাকছে।
জানা গেছে, আগামী সপ্তাহে দেশের প্রায় সব চ্যানেলে শফিক তুহিনের ‘সয়না’ নতুন গানের ভিডিওর প্রচার শুরু হবে।