শফিক তুহিনের ‘সিলেবাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্নের রোদ্দুরে/ ঝিকিমিকি হূদয়ের ক্যাম্পাস/ সারা পৃথিবীটাই হোক পড়ার সিলেবাস’। এটি শফিক তুহিনের নতুন অ্যালবামের একটি গানের কথা। এই গানের সঙ্গে মিল রেখে শফিক তুহিন তাঁর তৃতীয় একক অ্যালবামের নাম রেখেছেন ‘সিলেবাস’। এরই মধ্যে ‘সিলেবাস’ অ্যালবামের তিনটি গানের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। অ্যালবামের সব কটি গানের কথা ও সুর শফিক তুহিনের; গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।শফিক তুহিন বলেন, ‘এবারের অ্যালবামের জন্য চমত্কার কিছু গানের পরিকল্পনা করেছি। ইচ্ছে আছে সামনের ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।’শফিক তুহিনের প্রকাশিত অন্য দুটি অ্যালবাম হলো, ‘স্বপ্ন এবং তুমি’ (২০১০) ও ‘শফিক তুহিন ডটকম’ (২০১১)। প্রথম অ্যালবামের ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এই গানের জন্য শফিক তুহিন মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা কণ্ঠশিল্পীর মনোনয়নও পেয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে ‘পাগলামি’ শিরোনামে শফিক তুহিনের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়। ওই অ্যালবামে শফিক তুহিন ছাড়াও কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি, কনা ও এলিটা। নিজের একক অ্যালবামের কাজের পাশাপাশি শফিক তুহিন একসঙ্গে চারটি ছবির সংগীত পরিচালনার কাজ করছেন। ছবিগুলো হলো: মনতাজুর রহমানের ‘অগ্নি’, জাকির হোসেনের ‘পোড়ামন’, শাহীন-সুমনের ‘অন্য রকম ভালোবাসা’, পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’। শফিক জানিয়েছেন, সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দেওয়া ও গান লেখার কাজও করছেন। চারটি ছবির মধ্যে ‘পোড়ামন’-এর পূর্ণাঙ্গ সংগীতপরিচালনার দায়িত্ব নিয়েছেন আর অন্য ছবিগুলোর দু-তিনটি করে গানের কাজ করছেন।