
কাল দেখানো হবে ৭টি ছবি, সঙ্গে আলোচনা। ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-২০১৭’ উৎসবে এ মাসের আয়োজন এটি। এবারের অধিবেশনে কথা হবে ‘চলচ্চিত্রে শব্দ প্রয়োগের নীতি ও সৌন্দর্য’ নিয়ে।
কাল শনিবার বিকেল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে ৬টি স্বল্পদৈর্ঘ্য ও ১টি প্রামাণ্য চলচ্চিত্র। ডিসেম্বর মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলো থেকে এগুলোকে নির্বাচন করা হয়। এর মধ্যে ৫টি স্বল্পদৈর্ঘ্যেরই হবে উদ্বোধনী প্রদর্শনী। ছবিগুলোর হলো, অতনু পাটোয়ারী নির্মিত ‘দ্য মেকানিক’, খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’, এনামুল হক খানের ‘বাঁকা হাওয়া’, আলমগীর মালেক ও জাবেদ পাটোয়ারীর ‘তৈয়ব আকন্দের মা’, অর্ণব হাসনাতের স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘নীরা’ এবং আদিল খানের ‘ঘুর পথে’।
বিকেল সাড়ে ৫টায় থাকবে চলচ্চিত্র শিল্প ও চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক বক্তৃতা আয়োজন, ‘সিনেমা ফাইভ আলাপ’। আলাপে এবারের বিষয় ‘বাংলাদেশের চলচ্চিত্রে শব্দ প্রয়োগের নীতি ও সৌন্দর্য’। অতিথি বক্তা থাকবেন নির্মাতা ও শব্দ-প্রকৌশলী রতন পাল। আলাপ শেষে দেখানো হবে সন্ধ্যা ৭টায় সাইফুল ওয়াদুদ হেলালের প্রামাণ্যচিত্র ‘ঝলমলিয়া’।
যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উৎসবে বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকারদের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই থাকে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী ও বক্তৃতা। উৎসবের চলচ্চিত্র ও আলাপ সবার জন্য উন্মুক্ত।