শব্দ-বিড়ম্বনা
দীপঙ্কর দীপন গত ১৮ ও ১৯ আগস্ট তাঁর ঈদের টেলিছবি ‘অমিতের প্রেমগুলো কি শুধুই প্রেম ছিল’র কাজ করেন। কিন্তু সম্পাদনার টেবিলে বসে তো মাথায় হাত! কোনো শব্দই রেকর্ড হয়নি! ওদিকে আজ বৃহস্পতিবার দুপুরে দেশ টিভিতে দেখানোর কথা টেলিছবিটি। কী আর করা! শেষ পর্যন্ত বাধ্য হয়ে ডাবিংয়ের ব্যবস্থা করা হলো। কিন্তু যাঁরা টেলিছবিতে অভিনয় করেছেন, সেই মিলন, মৌসুমী আর অন্য অভিনয়শিল্পীদের এই ঈদের আগে ফাঁকা পাওয়া কি চাট্টিখানি কথা! যা হোক, ঈদের আগের দিন কিছু সময়ের জন্য পাওয়া গেল। কিছু সময় কি আর অল্প সময়!—মিলন ডাবিং করেছেন সাড়ে সাত ঘণ্টা আর মৌসুমী সাড়ে তিন ঘণ্টা! এভাবেই টেলিছবিটিকে প্রচার উপযোগী করা হলো। মৌসুমী জানালেন, এবার ঈদের জন্য যে কয়টি কাজ করেছেন, তার সবকটির জন্যই কিছু না কিছু ঝামেলা পোহাতে হয়েছে। আশরাফুল আলমের ‘হূদয় বৃত্তান্ত’ নাটকের জন্য টানা ৪২ ঘণ্টা শুটিং করেছেন! এই সময়ের মধ্যে তিনি এবং নাটকটির অপর অভিনয়শিল্পী শিমুল ঘুমের জন্য এতটুকু সময় পাননি।