শব্দ হলো আইসবার্গের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দেশকের আজ আসতে দেরি হবে। নাট্যকারও এসে পৌঁছাননি। এ রকম একটা অলস মুহূর্তে দলের সবাই অপেক্ষা করছিলেন নাট্যকারের জন্য। নাট্যকার এলে আড্ডা জমে ভালো। নাট্যকারের অনুপস্থিতিতে দলের একজন সদস্য তাঁর অনুকরণ করে দেখাচ্ছিলেন, নাটককে যদি একটা স্থাপনা হিসেবে দেখি, তাহলে শব্দই হচ্ছে এর ক্ষুদ্রতম একক। যাকে বলতে পারি, বিল্ডিং ব্লক অর্থাৎ ইট।সবাই এত মগ্ন ছিল যে দরজার পাশে নাট্যকারের উপস্থিতি কেউই লক্ষ করেনি। নাট্যকার বিষয়টা উপভোগ করছিলেন। হঠাৎ একজন সদস্য তাঁকে দেখে ফেললে পুরো মহড়াকক্ষ মুহূর্তের মধ্যে চুপসে গেল। দলের সিনিয়র এক সদস্যা পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠলেন, ‘স্যার, সেদিন আপনি বিল্ডিং ব্লক নিয়ে বলেছিলেন, কিন্তু বিষয়টা পুরোপুরি খোলাসা করে বলেননি। তাই নিয়ে কথা বলছিলাম।’ নাট্যকার সুযোগটা নিতে দেরি করলেন না। তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, ‘টাইটানিক ছবিটা কে কে দেখেছ?’ দেখা গেল দলের সবাই ছবিটা দেখেছেন। এবার নাট্যকারের সরাসরি প্রশ্ন, ‘বলতে পারো, টাইটানিক কীভাবে ডুবেছিল?’ একসঙ্গে সবার জবাব, ‘আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে।’নাট্যকার বেশ কিছুক্ষণ চুপ করে থেকে নাটকীয়ভাবে বলেন, একেকটি শব্দ একেকটি আইসবার্গ। পানির ওপরে ভেসে থাকা আইসবার্গের অংশটুকু দেখে ধারণা করা যায় না বরফখণ্ডটি কত্ত বড়। শব্দের ব্যাপারটা সে রকম। ওপর থেকে একটা শব্দের সবটুকু অনুভব করা যায় না। শব্দ আসলে বহুরূপী। একেক জায়গায় এর একেক রকম চেহারা। যেমন ধরা যাক, ‘ভাত’ শব্দটি ভাত বলতে আমরা যা বুঝি, তা হলো, চাল থেকে তৈরি এক ধরনের খাদ্য। এটাকে আমরা বলি আক্ষরিক অর্থ। কিন্তু আমরা যখন বলি, তোর কপালে ভাত নেই, কিংবা মিনসের ভাত আর খাচ্ছি না, তখন ভাত শব্দটির অর্থ কত পাল্টে যাচ্ছে। ভাত শব্দের এ রকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে।নাট্যকার সবার দিকে তাকিয়ে বুঝতে পারলেন, সদস্যরা তাঁর কথা বেশ মনোযোগ দিয়ে শুনছেন, তখন তাঁর বলার উদ্দেশ্য আরও বেড়ে গেল—নাটকের সংলাপগুলো তৈরি হয় কতগুলো শব্দ দিয়ে। প্রতিটি শব্দেরই আছে দুই ধরনের অর্থ। প্রথম পাঠে আমরা একটি সাধারণ অর্থের ছবি দেখতে পাই। কিন্তু বারবার গভীর মনোযোগ দিয়ে পাঠ করলে এর ভিন্ন ভিন্ন অর্থও দেখতে পাই। অর্থাৎ প্রতিটি শব্দেরই দুই ধরনের অর্থ হয়। একটা হলো আক্ষরিক বা আভিধানিক অর্থ বা ডিনোটেশন। আর অন্যটি হলো অন্তর্নিহিত অর্থ বা কোনোটেশন। এর মধ্যেই চলে এসেছেন নির্দেশক। নির্দেশকও তাঁর কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন, ‘আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছেন। আমরা যারা অভিনয় করি, তাদের জন্য শব্দের অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা খুব জরুরি।’ নাটকের ব্যাখ্যা কিংবা চরিত্রের রূপায়ণ—যে কাজই করতে চাই না কেন, তা শব্দের অন্তর্নিহিত অর্থের ওপর নির্ভরশীল। আমরা সংলাপের ভেতর যে শব্দটিকে দেখতে পাই, তা আসলে আইসবার্গের মতোই জলমগ্ন। ওপর থেকে সবটা দেখা যায় না। অন্তর্নিহিত অর্থ হলো, শব্দের আবেগায়িত রূপ। শব্দের আবেগী মূল্যটাকে ধরতে পারা একজন অভিনয় শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ কাজ।নির্দেশক এবার একটু থেমে সবার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ‘বিষয়টা গুরুত্বপূর্ণ হলেও অপ্রিয় সত্যটা হলো, এই আমাদের বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীই এ কাজটি করেন না।’সদস্যরা অনেকক্ষণ ধরেই নাট্যকার ও নির্দেশকের কথা শুনছিলেন মনোযোগ দিয়ে। এবার তাঁরা দুজনকে একটু জব্দ করার জন্য জিজ্ঞেস করলেন, শব্দের এই অন্তর্নিহিত অর্থ কী কী কারণে পাল্টে যায়?নাট্যকার যেন তৈরিই ছিলেন—শব্দের এই অর্থ পরিবর্তনের কারণ বহুবিধ। প্রথমেই আসে বাক্যের মাঝে শব্দটির অবস্থান, শব্দটি প্রয়োগের পটভূমি, শব্দটিকে উচ্চারণ করছে, কার জন্য করছে—এসব বিষয়ও শব্দার্থ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া শব্দের স্থানিক ও কালিক অবস্থা। অর্থাৎ শব্দটি কোনো বিশেষ অঞ্চলের বা সময়ের কি না, এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলা দরকার। আজ এ পর্যন্ত থাক, এখন বরং রিহার্সেল শুরু করা যাক।