শব্দনোঙরের তিন দিনব্যাপী আবৃত্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবে বক্তব্য দেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পাশে উপবিষ্ট সুধীজনেরা
উৎ​সবে বক্তব্য দেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পাশে উপবিষ্ট সুধীজনেরা

গত ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী কাজী সব্যসাচী আবৃত্তি মেলা ২০১৭। আয়োজক শব্দনোঙর আবৃত্তি সংগঠন। এ উপলক্ষে দুজন আবৃত্তিশিল্পী ও একজন ভাষাবিদকে দেওয়া হয় শব্দনোঙর কাজী সব্যসাচী আবৃত্তি সম্মাননা ও শব্দনোঙর ভাষা সাহিত্য সম্মাননা। সম্মাননায় ক্রেস্টের সঙ্গে পাঁচ হাজার টাকা সম্মানী দেওয়া হয়।

প্রথম দিন বুধবার বিকেল পাঁচটায় ঢোল বাদন, আতশবাজি ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় তিন দিনব্যাপী মেলার প্রথম দিনের কর্মসূচি। শব্দনোঙরের সদস্যরা মোমবাতি হাতে দৃষ্টিনন্দন মঞ্চে দাঁড়ান। বিশ্বকবির ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’ কবিতাটির সঙ্গে শব্দনোঙরের সভাপতি হাসান জাহাঙ্গীরের ভরাট কণ্ঠে উদ্বোধনী আবৃত্তির সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করেন ধ্রুপদী ও রাফী। সেই সঙ্গে সংগঠনের বড় দলের শিল্পীরা ‘ভাষার লড়াই’ শীর্ষক দলীয় আবৃত্তি পরিবেশনায় অংশ নেন। আবৃত্তি মেলার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংবর্ধিত অতিথি মাহবুবুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এবং সংবর্ধিত আবৃত্তিশিল্পী রনজিত রক্ষিত, কলামিস্ট মুহাম্মদ কামাল উদ্দিনসহ শব্দনোঙরের অন্য সদস্যদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বালন ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ।

তিন দিনের আয়োজনে ছিল শব্দনোঙর উচ্চারণ স্কুলের খুদে শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা ‘আমরা যদি না জাগি মা’। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন রেজিনা ওয়ালী লীনা, মজুমদার বিপ্লব, ফয়জুল্লাহ সাঈদ, খান মাজহারুল হক লিপু, কাজী মাহতাব সুমন, শরীফ আহমেদ বিল্টু, জয়দেব সাহা, মজুমদার বিপ্লব, আহসান উল্লাহ তমাল, মনিরুল ইসলাম, নাসিমা খান বকুল প্রমুখ।

ভারতের পশ্চিমবঙ্গের নাট্য ও বাচিকশিল্পী সুদীন অধিকারী, সুভাশিষ গুহনিয়োগী, রুমা গুহনিয়োগী একক আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন। আবৃত্তি করেন চট্টগ্রামের অঞ্চল চৌধুরী, মছরুর হোসেন, দেবাষীশ রুদ্র, ফারুক তাহের, রিয়াজুল কবির, মোহাম্মদ সেলিম, ইকবাল হোসেন জুয়েল, শাহরিয়ার তানজিম, হোসনে আরা তারিম প্রমুখ।

 এ ছাড়া ছিল আবৃত্তির সঙ্গে নৃত্য, গম্ভীরা, মারমা সাংস্কৃতিক দলের আদিবাসী নৃত্য ও শ্রুতি নাটক। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সংবর্ধিত অতিথি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা ও শব্দসৈনিক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী, উচ্চারণ প্রশিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত শিল্পী বিশিষ্ট নাট্যাভিনেতা-নাট্য পরিচালক সুদিন অধিকারী।