শব্দাবলী স্টুডিও থিয়েটারে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদরঘাট থেকে রিকশায় সোয়া কিলোমিটার দূরে কাকলীর মোড়ে লুকাস বিল্ডিং। সেখানেই গড়ে উঠেছে বরিশালের নাট্যচর্চার অন্যতম পাদপীঠ শব্দাবলী স্টুডিও থিয়েটার। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এই থিয়েটার। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে সপ্তাহের প্রতি শুক্রবার দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শন করা হয় এই মিলনায়তনে। এ পর্যন্ত প্রায় ৮৫০টি প্রদর্শনী হয়েছে বলে জানা গেছে। ৪ নভেম্বর সন্ধ্যায় স্টুডিও থিয়েটারে পৌঁছেই দেখা গেল মিলনায়তনের সামনে বেশ বড় রকমের কোলাহল। এই কোলাহল কাদের? চোখ ফেরাতেই দেখা গেল শব্দাবলী স্টুডিও থিয়েটারের সঞ্চালক সৈয়দ দুলালকে। বোঝা গেল এটি শব্দাবলীর নাট্যকর্মীদের কোলাহল। মহড়ার ফাঁকে একটু আড্ডাচ্ছলে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। মিলনায়তনের ভেতর থেকে গান আর বাদ্যের ধ্বনি ভেসে এল কানে। নাটকের মহড়া, নাটকের পাণ্ডুলিপি পাঠসহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। মহড়া চলছে নীল ময়ূরের যৌবন নাটকের। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সুনন্দ বাশার এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল। উদ্বোধনী প্রদর্শনীর পর নাটকটির প্রায় ৫০টির মতো সফল মঞ্চায়ন হয়েছিল। বেশ দীর্ঘ সময়ের পর তাঁরা নাটকটি আবার মঞ্চে এনেছেন।নাট্যকর্মীদের অনেকে জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় নতুন কুশীলবদের দিয়ে বিভিন্ন চরিত্র তৈরি করা হচ্ছে। হঠাৎ নাটকটি আবার মঞ্চে আনা এবং নিরন্তর মহড়ার হেতু জানতে চাইলে সৈয়দ দুলাল জানান, আগামী ২৯ ডিসেম্বর কলকাতার গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হবে একাডেমি মঞ্চে। কিছুক্ষণ মহড়া দেখলাম। বেশ ভালো লাগল নাটকটির উপস্থাপনা। নাটকের শুরুতে বেশ কয়েকজন কুশীলবের কণ্ঠে বাংলা ভাষার আদি নির্দশন চর্যাপদের গান—‘বাজণাব পাড়ী পউআঁ খালে বাহিউ/ অদঅ বঙ্গাল দেশ লুড়িউ/ পউয়া খালে বাহিউ/ আজি এ ভুসুকু বঙ্গালী ভইলী/ ণিঅ ঘরিণী চণ্ডালে লেলী/ পউআঁ খালে বাহিউ/ বাজণাব পাড়ী পউআঁ খালে বাহিউ।’গানের সঙ্গে সঙ্গে কুশীলবদের নৃত্য ও কোরিওগ্রাফি বেশ দৃষ্টিনন্দন। তার সঙ্গে যুক্ত হয়েছে অতি পুরোনো আদলের একটি সেট। সব মিলিয়ে নাটকের গল্পটি বেশ লাগছিল।নাটকটিতে তুলে ধরা হয়েছে লড়াকু বাঙালির চিরদিনের সংগ্রামের ছবি। চর্যাপদ থেকে ভাব ও জনজীবনের ছবি আর তার সঙ্গে কল্পনা যুক্ত করে চমৎকারভাবে তৈরি করা হয়েছে নীল ময়ূরের যৌবন নাটকের গল্প। একদিকে চলছে নাটকের মহড়া, অন্যদিকে চলছে শিশুদের নাটকের পাণ্ডুলিপি পাঠ। কারণ, আগামী জানুয়ারি মাসে শব্দাবলীর শিশু নাট্যকর্মীরা অংশগ্রহণ করতে যাচ্ছে ভারতের আরেকটি আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবে। উৎসবে তারা প্রদর্শন করবে রবীন্দ্রনাথের রাজা ও রাজদ্রোহী নাটক। এই নিয়ে বেশ সরগরমভাবে কাজ করে যাচ্ছে শিশু নাট্যকর্মীরা। নাটকটির নির্দেশনা দিয়েছেন তানজির মেহেদী। শত কর্মানন্দের মধ্যে একধরনের চাপা কষ্টের অনুভূতি জানালেন নাট্যকর্মীরা। সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা অন্য যেকোনো আর্থিক সহযোগিতা পেলে তাঁদের কর্মযজ্ঞের পরিধি হয়তো কিছুটা ব্যাপ্তি পেত।অথচ একদিকে প্রত্যন্ত অঞ্চল, অন্যদিকে নাট্যকর্মী-সংকট। এসবের পরও শব্দাবলীর দৈনন্দিন নাট্যচর্চায় যে প্রাণোচ্ছলতা লক্ষ করা গেল, সত্যিই চমৎকার। আগের তুলনায় আরেকটু নতুন সাজে গড়ে তোলা হয়েছে স্টুডিও থিয়েটারটি। নেই আগের মতো আলো, শব্দ ও আসন-সংকট। প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত সমৃদ্ধ হয়েছে এই থিয়েটার। গত জানুয়ারি মাসে তারা উদ্যাপন করেছে প্রতিষ্ঠার ২০ বছর। বিজয়ের ৪০ বছরে এবং শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২০ বছর উপলক্ষে ঢাকা ও বরিশালে তারা আয়োজন করেছিল ১০ দিনব্যাপী নাট্যোৎসব। সারা বছর নিয়মিতভাবে নাটকের প্রদর্শনী করতে চায় শব্দাবলী। সব সংকট ও সীমাবদ্ধতা পেরিয়ে সৃজনশীল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের প্রতিনিধিত্বশীল নাট্য সংগঠনের মতো কাজ করে যেতে চায়। বললেন শব্দাবলী স্টুডিও থিয়েটারের সঞ্চালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল।