
শব্দাবলী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব জমে উঠেছে। শুধু বরিশাল শহর নয়, দূর থেকেও নাটক দেখতে আসছেন দর্শক। কাছাকাছি দুটি মিলনায়তনে কাছাকাছি সময়ে দেখানো হচ্ছে নাটক। এ নগরে নাটক কিংবা থিয়েটার চর্চা যখন প্রায় সীমিত, নাটকের কথা যখন ভুলে যাচ্ছিলেন মঞ্চপ্রিয় নাট্যদর্শক, এই উৎসবের মাধ্যমে তাঁরা আবার ফিরে আসছেন মিলনায়তনে। রুচিশীল দর্শকের আগমনে মুখরিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। বরিশাল নগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের ভান্ডারিয়া থেকে উৎসবের নাটক দেখতে এসেছেন কলেজশিক্ষক নাসিমা আক্তার। প্রতিদিন দুটি হলের নাটক দেখেন তিনি। একা আসেননি। সঙ্গে করে নিয়ে এসেছেন কলেজের তাঁর প্রিয় দুই শিক্ষার্থীকেও।
শব্দাবলীর আন্তর্জাতিক নাট্যোৎসবে গতকাল সোমবার মঞ্চস্থ হয়েছে দুটি নাটক। বিকেল সাড়ে পাঁচটায় শব্দাবলীর স্টুডিও থিয়েটারে ছিল ঢাকার শব্দনাট্যচর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান। অশ্বিনী কুমার হলে মঞ্চস্থ হয়েছে কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটারের নাটক বিষাদকাল। শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নির্মিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন ভারতের নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ।
দুটি হলেই প্রচুর দর্শক এসেছিলেন। উভয় নাটকেই মুগ্ধ বরিশালের দর্শক।