শব্দাবলীর ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চনারী আখ্যান
পঞ্চনারী আখ্যান

৩৫ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বরিশাল শব্দাবলী থিয়েটার। উৎসবে দেশ-বিদেশের আটটি নাটক মঞ্চস্থ হবে।

উৎসবে শব্দাবলীসহ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কলকাতার দল অংশ নিচ্ছে। বরিশাল অশ্বিনী কুমার হল ও শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে নাটকগুলো মঞ্চস্থ হবে। আগামীকাল ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে শব্দাবলীর প্রতীক্ষা নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে উদ্বোধন হবে উৎসবের। পরদিন সকাল ও সন্ধ্যায় একই হলে দেখা যাবে কলকাতার ‘অনীক’-এর প্রতীক নাটকের দুটি প্রদর্শনী। শব্দাবলী থিয়েটার নীল ময়ূরের যৌবন মঞ্চস্থ করবে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর বরিশাল শিশু থিয়েটার পরিবেশন করবে কালযাত্রা এবং বরিশাল অমৃত দে মহাবিদ্যালয় মঞ্চস্থ করবে মা ও আমরা। উৎসবের চতুর্থ দিন ২৪ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। ২৫ সেপ্টেম্বর দেখা যাবে চট্টগ্রামের নান্দিকারের নাটক পাপ-পূণ্য। এ ছাড়া নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটারের প্রযোজনা লখাই মঞ্চস্থ হবে ২৬ সেপ্টেম্বর।

উৎসব প্রসঙ্গে শব্দাবলীর প্রধান সৈয়দ দুলাল বলেন, ‘এর আগে আমরা স্টুডিও থিয়েটারের ২০ বছর পূর্তি উৎসব করেছি। এবার দলের ৩৫ বছর পূর্তি উৎসব করছি। উৎসব ঘিরে দেশ-বিদেশের নাট্যকর্মীদের একটা মিলনমেলা হবে। এতে করে বরিশালের নাট্যকর্মী, দর্শকেরা অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন।’