
বসন্তের হিমেল হাওয়ায় শিল্পকলা একাডেমীর খোলা চত্বরেও কি আয়োজক নেতারা ঘামছিলেন? সূর্য বিদায় নিয়েছে। প্রস্তুতি চূড়ান্ত, অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যা সাতটায়। কিন্তু তখনো প্রধান অতিথি এসে পৌঁছাননি। নাসির উদ্দীন ইউসুফ পায়চারি করছিলেন। সংবাদকর্মীদের আশ্বস্ত করলেন, প্রধান অতিথি কিঞ্চিত অসুস্থ বোধ করায় বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু রওনা দিয়েছেন। কথা শেষ হতে না হতেই প্রধান অতিথি চলে এলেন। দেরি না করে শুরু হয়ে গেল অনুষ্ঠান—দ্বিতীয় আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন। যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
পানির মাঝখানে মঞ্চ। তিন দিকে দর্শক আসনের সবগুলোই পূর্ণ। দর্শকেরা মুগ্ধ শব্দ-আলোর আর শিল্পীদের পরিবেশনায়। একপাশে বিশাল পর্দায় চিরন্তন বাংলার নৈসর্গ। তিন পাশ থেকে নানা বয়সী শিল্পীরা সেখানে হাজির। পর্দার চিত্র বদলায়। মেলে বাংলার ইতিহাস। প্রাচীন বাংলা থেকে ভাষা আন্দোলন হয়ে মুক্তিযুদ্ধ। এককথায় আলো-শব্দে চমৎকার সে পরিবেশনা। অন্তত ১৫ মিনিট মুগ্ধ হয়ে থাকল শত শত চোখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর নন্দনমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পর্ষদের পরিচালক দেব প্রসাদ দেবনাথ।
উদ্বোধনী পরিবেশনায় বিভিন্ন নাট্যদলের অর্ধশতাধিক নাট্যকর্মী অংশ নেন। শব্দালোক প্রদর্শনী ‘বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি’ শীর্ষক প্রযোজনাটিতে উপস্থাপিত হয় আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি। শেষে আকাশে উড়িয়ে দেওয়া হয় অসংখ্য ফানুস। শব্দালোক পরিবেশনার পর আলোচনায় অংশ নেন অতিথিরা।
গতকাল উৎসব উদ্বোধন হলেও নাটকের প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদল পরিবেশন করবে ভঙ্গবঙ্গ। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে আগন্তুক নাট্যদল পরিবেশন করবে অন্ধকারে মিথেন, স্টুডিও থিয়েটারে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাটক কবি।