শমী আসছেন ‘ভোট ফর সুন্দরবন’ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে। আর এই ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শমী কায়সার। অনুষ্ঠানের নাম ভোট ফর সুন্দরবন। এটি পরিচালনা করবেন নারগিস আক্তার। ৩০ জানুয়ারি এফডিসির ৭ নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির শুটিং শুরু হবে।শমী কায়সার বললেন, ‘অনেক দিন থেকেই অনুষ্ঠানটির পরিচালক নারগিস আক্তারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছিল। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে দর্শককে তথ্য দেওয়ার পাশাপাশি সুন্দরবনের জন্য কিছু কাজ করা যাবে। এখন আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর জন্য কিছুটা গবেষণাও করতে হচ্ছে।’নারগিস আক্তার জানান, এবার ভোট ফর সুন্দরবন অনুষ্ঠানটির প্রথম ১৩ পর্বের কাজ হবে। ২২ মিনিট দৈর্ঘ্যের এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন মন্ত্রী, সচিব ও বিনোদন অঙ্গনের তারকারা অংশ নেবেন। মন্ত্রী ও সচিব সুন্দরবনকে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরবেন। নিজেরাও ভোট দেবেন। অনুষ্ঠানে থাকবে সুন্দরবনকে ভোট দেওয়ার নিয়মাবলি। বিভিন্ন অঙ্গনের তারকা ও শিল্পীরা সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন এবং এ ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরবেন। অনুষ্ঠানে সুন্দরবন নিয়ে তৈরি গান থাকবে। থাকবে সুন্দরবনের ওপর তৈরি তথ্যচিত্রও।অনুষ্ঠানটি নির্মাণের ব্যাপারে সহায়তা দিচ্ছে পল্লী বাংলা উন্নয়ন সংস্থা।