পট অর্থাৎ কাপড়ের ক্যানভাস তৈরি করে সেখানে নিভৃত স্বপ্নের ছবি এঁকে চলেন শিল্পী শম্ভু আচার্য। কখনো প্রগাঢ় নীলের জমিনে ফুটে ওঠে ময়ূর, কখনো চিরায়ত বাংলার কোনো লোককাহিনি। শিল্পী যে পরিবারে বেড়ে উঠছিলেন, সেই আচার্য পরিবারের পটচিত্রের সাধনা চলছিল দীর্ঘ সময় ধরেই।ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তাঁর একক চিত্র প্রদর্শনী। বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের আয়োজনে গতকাল সন্ধ্যায় শম্ভু আচার্যের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব সামদানি। এ সময় এক্সপ্রেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন। প্রদর্শনী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।‘রইব তোমার দ্বারে’রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে প্রকাশিত হলো শিল্পী লাইসা আহমেদের নতুন একক অ্যালবাম। ‘রইব তোমার দ্বারে’ শিরোনামের এ অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।‘ও মোর কালা রে’শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল শিল্পী সফিউল আলমের একক ভাওয়াইয়াসন্ধ্যা ‘ও মোর কালা রে’। একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ভাওয়াইয়াসন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে শিল্পী ‘মনটায় মোর পিঠা খাবার চায়’, ‘ও মোর কালা রে’সহ বেশ কিছু গান পরিবেশন করেন।বিজয় সরকার ও নীলুফার ইয়াসমীন স্মরণকবিয়াল বিজয় সরকার ও গুণী কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীনের স্মরণে বিশেষ আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় গত সোমবার। ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ শিরোনামের এ সংগীতসন্ধ্যায় নীলুফার ইয়াসমীনের গান শোনান আফসানা রুনা আর বিজয় সরকারের গান শোনান মাহফুজার রহমান। আয়োজক ছিল ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন। নীলুফার ইয়াসমীনের পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। খান আতাউর রহমানের কথা ও সুরের ‘তোমাকে পাবার আগে’ গানটি পরিবেশন করেন আফসানা রুনা। তাঁর পরিবেশিত দ্বিতীয় গানটি ছিল ‘মাগো আমার যে ভাই জীবন দিয়ে’। এর পরই মাহফুজার রহমান পরিবেশন করেন বিজয় সরকারের দুটি গান: ‘আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম’ ও ‘আমি যারে বাসি ভালো’। এভাবেই দুই শিল্পী পর পর বিজয় সরকার ও নীলুফার ইয়াসমীনের দুটি করে মোট ১৮টি গান পরিবেশন করেন।