শরাফ আহমেদের কামিং সুন
জাপান থেকে সদ্য ফিরে আসা যুবক ফয়সাল। জাপানে সে বড় একটা চাকরি করত। সেখানে তার জীবন সুখেই কেটে যাচ্ছিল। কিন্তু সব ছেড়ে সে চলে আসে দেশে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায়। শরাফ আহমেদ পরিচালিত ধারবাহিক নাটক কামিং সুন। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালের ‘মায়াবতী’ উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটি যৌথভাবে লিখেছেন সিমু নাসের ও শরাফ আহমেদ। সম্প্রতি কামিং সুন নামের এ নাটকটির শুটিং শেষ করেছে নির্মতা শরাফ আহমেদ। নাটকটির প্রচারের আগে সাংবাদিক এবং ধারাবাহিকটির কয়েকজন কলাকুশলীকে নিয়ে আড্ডার আয়োজন করেন পরিচালক।অনুষ্ঠানে উপস্থিত নাটকটির অন্যতম অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘কোনও অভিনেতা যখন একটা চরিত্রে খুব ভালো করে তখন অন্য পরিচালকরা সে অভিনেতাকে একই ধরনের চরিত্রে অভিনয় করাতে চান। কিন্তু শরাফ আহমেদ হচ্ছে তেমন একজন পরিচালক যার প্রায় ১ডজন নাটকের সবগুলোতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছি।’ মোশাররফ করিমের কথার পরই কচি খন্দকার বলেন, ‘শরাফ আহমেদ কনফিউজড নির্মাতা। সবসময় ভাবে, হলো কী হলো না। এজন্যই সে ভালো নির্মাণ করছে। তাই বারবার তার সাথে কাজ করতে চাই।’ নাটকটি সর্ম্পকে সবশেষে পরিচালক বলেন, ‘সব কিছুর দাম বেড়েছে, কিন্তু চ্যানেলগুলোর নাটকের বাজেট এখনো সেই আগের মতোই। তাই মাঝখানে কিছুদিন নাটক বানানো থেকে দূরে ছিলাম।’নির্মাতা এও বলেন, আপাতত চ্যানেল চূড়ান্ত করিনি। খুব শিগগিরই যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে এর প্রচার শুরু হবে।মোশাররফ করি, কচি খন্দকার ছাড়া কামিং সুন নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন মারজুক রাসেল, ইলোরা গহর, মনিরা মিঠু, শায়না, রাহা, ভাবনা প্রমুখ।