শরীর ভরা ট্যাটু গাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা ও তাঁর কয়েকটি ট্যাটু
লেডি গাগা ও তাঁর কয়েকটি ট্যাটু

‘বয়েজ ক্লাবের’ দরজায় দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা। ভেতরে ঢুকতে না জানি আরও কত কী করতে হয়! পশম দাঁড়িয়ে যাওয়া সাজ আর ভয়াবহ সব ফ্যাশনে বারবার তাঁকে দেখা গেছে মিডিয়ায়। মঞ্চে নেচেছেন, গান গেয়েছেন। শুরুতে তো অন্য শিল্পীদের জন্যও গান লিখতে হয়েছে। সেই তালিকায় আছে ব্রিটনি স্পিয়ার্সের নাম। তবু লেডি গাগাকে দূরে সরিয়ে রেখেছে সবাই? গানের দুনিয়াটাকে এই শিল্পী নাম দিয়েছেন ‘বয়েজ ক্লাব’। কে জানে এই ক্লাব থেকেই তাঁর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি।
২০০৮ সালে প্রথম অ্যালবাম দ্য ফেম প্রকাশিত হওয়ার পর ফেম আসতে শুরু করে ঝুলিতে। তবু খ্যাতির চূড়াটাই যেন খুঁজছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করেছেন কণ্ঠে এবং শরীরে। পোশাকের চেয়ে শরীরে তাঁর ট্যাটুর সংখ্যাই ছিল বেশি। হিসাব করে দেখা গেছে, এখন পর্যন্ত শরীরের ১৪ জায়গায় ট্যাটু করেছেন এই পপ গায়িকা। মেয়েদের বহু নতুন পোশাক তাঁকেই প্রথম পরতে দেখে প্রায় লাফিয়ে উঠেছেন বিশ্ববাসী! বলেও ফেলেছেন হয়তো, বাব্বা এর নাম পোশাক! আর তাঁর মেকআপের বর্ণনা দেওয়া যাবে না। সেসব দেখে শিশুরাও নাকি কেঁদে ফেলত।
আমেরিকান হরর স্টোরি টিভি সিরিজে অভিনয় করে বিপুল পরিচিতি পান গাগা। ‘জাস্ট ড্যান্স’ এবং ‘পোকার ফেস’ গান দুটিকে বলা হয় তাঁর সংগীতজীবনের মিসাইল। খ্যাতির ধারণা গুঁড়িয়ে দিয়ে এই গানগুলো তাঁকে এনে দিয়েছে অন্য রকম পরিচিতি। পরে অবশ্য বুঝেছেন, খ্যাতির বিড়ম্বনা কাকে বলে। সেই অভিজ্ঞতা থেকেই লিখেছেন দ্য ফেম মনস্টার অ্যালবামের গানগুলো। সেটাও তাঁকে এনে দিয়েছে গ্র্যামি।
স্টিফ্যানি জোয়ান অ্যাঞ্জেলিনা গেরমানোতা পপ তারকা হিসেবে পরিচিতি পান লেডি গাগা নামে। মাত্র চার বছর বয়স থেকে শুরু করেন পিয়ানো বাজানো। ১৪ বছর নিউইয়র্ক নাইট ক্লাবে পিয়ানো বাজিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, একদিন কিছু একটা করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়স হওয়ার আগেই ভর্তি করিয়ে নেওয়া হয়েছিল নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিস স্কুলে আর্টসে। গান আর খ্যাতির নেশায় পড়ালেখা হয়নি। চড়াই-উতরাইয়ের জীবনে বাবা-মা চাইতেই সবকিছু দিতে চেষ্টা করেছেন দুই বোনকে। সেই দুর্দিনগুলোতে সংগীত ছিল তাঁর উষ্ণতার চাদরের মতো।
এ বছর বিলবোর্ড ‘ওমেন ইন মিউজিক ২০১৫’-তে ‘ওমেন অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে তাঁকে। ঠিক এর আগের দিন মনোনয়ন পেয়েছেন গোল্ডেন গ্লোবের জন্য। তাঁর ওপর নাকি অনেকেই আস্থা রাখতে পারেননি। মায়ের হাত থেকে ওমেন অব দ্য ইয়ার সম্মাননা নেওয়ার সময় তাঁদের উদ্দেশে গাগা বলেছেন, ‘তোমাদের ভুল ভেঙে দিতে দেরি হয়ে গেল। আর কিছু না পারি অন্তত গাইতে আর গান লিখতে তো পারি। সেসবই আমাকে এগিয়ে রাখল।’
বিলবোর্ড, বায়োগ্রাফি, উইকি অবলম্বনে