শরীর-মন ঠিক রাখতে!

নিজের শুটিং সময় নিজেই নির্ধারণ করলেন অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। এখন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শুটিং করবেন তিনি। নির্মাতাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাসই দিয়েছেন এ অভিনেত্রী।
মৌসুমী বলেছেন, ‘যদি আরও সকালে কলটাইম থাকে, তাহলে নয়টা বাজার তত সময় আগে ছেড়ে দিতে হবে। আর লেটনাইট শুটিং হলে সেটা আগে থেকেই জানাতে হবে, যাতে পরদিন যে নির্মাতার শুটিং, তাঁকে যেন আগেভাগে বলে দেওয়া যায়। আর পুরো রাত শুটিং করার দরকার হলে অবশ্যই কলটাইম থাকতে হবে সন্ধ্যা ছয়টায়।’
এমন নির্ধারিত সময় বেঁধে দেওয়া প্রসঙ্গেও কথা বলেছেন মৌসুমী। তিনি বলেন, ‘আমি সময় মেনে শুটিং করতে পারলেই আমার শরীর ও মন ভালো থাকবে এবং চরিত্রটাও ঠিকমতো ফুটিয়ে তোলা যাবে।’
মৌসুমী হামিদ এখন শুটিং করছেন সিরাজগঞ্জে, জাহিদ হাসানের বিপরীতে ‘মার্শাল’ নামে একটি নাটকে। জাহিদ হাসানের পরিচালনায় নাটকটির শুটিং চলবে আগামীকালও।
সিরাজগঞ্জের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী বলেন, ‘প্রথমবারের মতো সিরাজগঞ্জ এসেছি। ভালো লাগছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শুটিং করছি। আর জাহিদ ভাইতো আছেন। সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরব আশা করছি।’