শর্ত সাপেক্ষে জামিন পেলেন বিক্রম

‘ইচ্ছে নদী’ সিরিয়ালের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। ২৯ এপ্রিল ভোররাতে এক গাড়ি দুর্ঘটনায় আহত হন বিক্রম ও মডেল সনিকা সিং চৌহান। দুর্ঘটনায় সনিকার মৃত্যু হয়। উল্লেখ্য, সেদিন চালকের আসনে বিক্রমই ছিলেন। এ জন্য বিক্রমকে আসামি করে একটি মামলা করা হয়। সম্প্রতি বিক্রমের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। আলিপুর আদালত সেই জামিন মঞ্জুর করেছেন। তবে, তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও কলকাতার বাইরে না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১০ জুলাই থেকে সংশোধনাগারে ছিলেন অভিনেতা বিক্রম। গত ২৯ এপ্রিল দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে সড়ক দুর্ঘটনায় মডেল সনিকা মারা যাওয়ার পর টালিগঞ্জ থানার পুলিশ ও কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সেই গাড়ির চালক বিক্রমের বিরুদ্ধে মামলা করেন। প্রথমে তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা করা হয়। পরে অবশ্য ট্র্যাফিক আইন ভাঙা ও অনিচ্ছাকৃত খুনের মামলা করে পুলিশ।
এরপর একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রমকে। প্রতিবারই নিজের বয়ান বদলেছেন এই অভিনেতা। পরে জানা যায়, দুর্ঘটনার দিন বিক্রম মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মামলার পর মাঝে বেশ কয়েক দিন নিখোঁজও ছিলেন তিনি। ৬ জুলাই রাত সাড়ে ১২টা নাগাদ একটি শপিং মলের কাছ থেকে বিক্রমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার পুলিশ। তিন দিন পুলিশ হেফাজতে রাখার পর ১০ জুলাই তাঁকে আদালতে আনা হয়। বিচারক বিক্রমকে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।