শর্তে চটেছেন মহেশ ভাট!
দিন কয়েক আগে ‘জান্নাত ২’ ছবিটি টেলিভিশনে সম্প্রচারের জন্য ইউ/এ সার্টিফিকেট পেয়েছে। তবে সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে রাত ১১টার আগে ছবিটি প্রদর্শিত হতে পারবে না। এর ফলে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ওপর বেজায় চটেছেন ছবিটির প্রযোজক মহেশ ভাট। ‘আমরা ঠিক বুঝতে পারছি না, কোনো ছবি টেলিভিশনে প্রদর্শনের ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হচ্ছে। একদিকে নানা ঘষা-মাজার পর ছবিটিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অন্যদিকে, রাত ১১টার আগে ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর কোনো মানে হয় না।’ ক্ষুব্ধ মহেশ ভাটের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে টিওআই। মহেশ ভাট আরও বলেছেন, ‘টিভিতে চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অস্পষ্ট অবস্থান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। দ্রুত এ বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে।’ এদিকে, সিবিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঠাকুর জানিয়েছেন, ‘জান্নাত ২ ছবির স্যাটেলাইট মুক্তির বিষয়টিকে মাথায় রেখে “এ” (অ্যাডাল্টস ওনলি) সার্টিফিকেটের পরিবর্তে “ইউ/এ” (প্যারেন্টাল গাইডেন্স) সার্টিফিকেট দেওয়া হয়েছে।’উল্লেখ্য, এর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবির টেলিভিশন প্রিমিয়ার নিষিদ্ধ করেছিল ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়।