শর্মিলার স্বীকারোক্তি
সত্তরের দশকে বলিউড অভিনেত্রী হিসেবে যশ-খ্যাতির চূড়ায় উঠেছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু রুপালি পর্দায় পা রাখার শুরুর মুহূর্তগুলো কিন্তু খুব একটা সুখকর ছিল না এই লাস্যময়ী অভিনেত্রীর জন্য। সম্প্রতি এক একান্ত সাক্ষাত্কারে এ বছরই ৬৪-তে পা রাখা শর্মিলা জানিয়েছেন, শুরুর দিকে কর্তৃপক্ষ নাকি তাঁকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছেন! তবে সে সময় অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হলেও এখন সময় অনেক পাল্টে গেছে বলে মত দিয়েছেন তিনি।সম্প্রতি জেরুজালেমে তাঁর অভিনীত ‘কাশ্মির কি কলি’ সিনেমার মহরত অনুষ্ঠানে গিয়ে শর্মিলা সাংবাদিকদের বলেছেন, ‘আমি এখন খুবই অবাক হই। কীভাবে জিনিসগুলো বদলে গেল! আমাদের সময় সিনেমায় অভিনয় করাটা কোনো মতেই সম্মানজনক বলে গণ্য করা হতো না। এটাকে পেশা হিসেবেও ভাবার কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন বলিউড এত জনপ্রিয় হয়ে গেছে যে এটাকে অনায়াসে পেশা হিসেবে ভাবা যায়।’ সে সময় শুধু স্কুলেই না, কলেজে উঠেও অনেক বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে শর্মিলাকে। শুটিংয়ের সময়সূচির সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক সময়ই ক্লাসে থাকতে পারতেন না, তখন নানা রকম বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত অভিনয়কে ভালোবেসে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাট চুকিয়েই দিয়েছিলেন তিনি। সবকিছুর জন্য বাবা গীতিন্দ্রনাথ ঠাকুরের কাছে অঢেল কৃতজ্ঞতা তাঁর। কেবল বাবার নৈতিক সমর্থন নিয়েই শত বাধা-বিপত্তির পাহাড় ডিঙানোর সাহস পেয়েছিলেন তিনি। ১৯৫৯ সালে সত্যজিত্ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘অপুর সংসার’ দিয়ে রুপালি জগতে এসেছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু পরে তাঁর মুম্বাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাও পড়েছে অনেক সমালোচনার মুখে। ১৯৬৭ সালে বলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল শর্মিলাকে। এটাকে দেখা হয় ভারতীয় চলচ্চিত্রের একটি মাইলফলক হিসেবে। এ সময়ও যে তাঁর দিকে অজস্র নিন্দা-সমালোচনার তীর ছুটে এসেছিল, এটা বলাই বাহুল্য। তবে এ সময়ও তিনি পেয়েছেন তাঁর প্রাণপ্রিয় স্বামী সাবেক ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পাতৌদির পূর্ণ সমর্থন। বিকিনি পরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকদের মন জয় করার জন্যই আমি নিজেকে কিছুটা পরিবর্তন করেছিলাম। এখানে বলতেই হবে, তীব্র সমালোচনা আমাকে বিপর্যস্ত করে তুলেছিল। কঠিন সেই দিনগুলোতে স্বামী মনসুর আলী খান পাতৌদি আমাকে সাহস জুগিয়েছিলেন।’ শর্মিলা বলেন, ‘সে সময় বিকিনি পরাটা সামাজিকভাবে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। অথচ, আজকের দিনে এটা কোনো ব্যাপারই নয়।’ তিনি আরও বলেন, ‘এটা ঠিক, ওই পোশাকে আমাকে দারুণ মানাত।’ পিটিআই।