শরৎ নৃত্য উৎসবে চিত্রাঙ্গদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের একটি দৃশ্য ষ প্রথম আলো
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের একটি দৃশ্য ষ প্রথম আলো

দ্বাদশ বর্ষ ব্রহ্মচার্য পালন করতে মণিপুর রাজ্যে এসে অর্জুনের সঙ্গে দেখা হয়েছিল সে দেশের রাজকন্যা পুরুষবেশী চিত্রাঙ্গদার। রাজকন্যা অর্জুনের বীরত্বে মুগ্ধ ছিলেন। মনে মনে তাঁকেই আত্মনিবেদন করেছিলেন। কিন্তু পুরুষবেশী চিত্রাঙ্গদা পাণ্ডব বীরের মনে দাগ কাটতে পারেননি। প্রত্যাখ্যাত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদনের বরে অপরূপ লাবণ্যময়ী হয়ে উঠলেন। সেই মনমোহিনী রূপে ঘুচে গেল অর্জুনের তপস্যা। তারপর নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে অর্জুন অনুভব করেন বাহ্যিক রূপের চেয়ে অন্তরের সৌন্দর্যের চিরন্তন মহিমামণ্ডিত রূপ। এই কাহিনি তো বহুল পরিচিত। মহাভারতের এই আখ্যান অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে চিত্রাঙ্গদা নামে একটি কাব্যনাট্য রচনা করেছিলেন, পরে এটিকে নৃত্যনাট্যে রূপ দেন। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি বিভিন্ন সময়ে অনেকবার পরিবেশিত হয়েছে এবং জনপ্রিয়ও হয়েছে।
গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে কলকাতার নৃত্য সংগঠন ড্যান্সার্স গিল্ড চিত্রাঙ্গদা পরিবেশন করল কবির কাব্যনাট্যটি অবলম্বনে। তবে ঢাকায়ও এর আগে নাট্য সংগঠন স্বপ্নদল চিত্রাঙ্গদা কাব্যনাট্যটি নিরীক্ষাধর্মী মঞ্চনাটক হিসেবে মঞ্চস্থ করেছিল। গিল্ডের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি আজ বৃহস্পতিবারও সন্ধ্যা সাতটায় একই মঞ্চে পরিবেশিত হবে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত শরতের শরৎ নৃত্য উৎসবের অংশ হিসেবে চিত্রাঙ্গদা পরিবেশিত হলো। এর নৃত্য ভাবনা ও কোরিওগ্রাফি করেছেন ঐশিকা চক্রবর্তী। নৃত্য পরিচালনায় ছিলেন জোনাকি সরকার। সংগীত পরিচালনা করেন স্বপন পাকরাশি। কণ্ঠসংগীতে অলোক রায় চৌধুরী, পূবালী দেবনাথ ও রাজশ্রী ভাট্টাচার্য। নৃত্যে অংশ নেন জোনাকি সরকার, সাধনা হাজরা, তানৈ মিশ্র, অর্পিতা দত্ত, রায়া আদিত্য, মৈত্রী মুখার্জি, মোনালিসা চক্রবর্তী, কণিকা ব্যানার্জি, প্রবীর মণ্ডল, রবিশংকর রায় ও মিথুন ব্যানার্জি।
কলকাতার ড্যান্সার্স গিল্ড এই নৃত্য উৎসব উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ব্যবস্থাপনায় নৃত্যশিল্পীদের চার দিনের একটি প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করছে।

ছায়ানটের শরৎ উৎসব
ছায়ানট শরৎ উৎসবের আয়োজন করছে কাল শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়।

আনন্দ ওই এল দ্বারে
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক সংগীতানুষ্ঠানে কাল অংশ নেবে প্রতীতী সংগীত বিদ্যায়তন। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।