পেশাগত জীবনে জাহাজের নাবিক ছিলেন তিনি। সাগরের ঢেউ আর মন হরণ করা বাতাস তাঁকে দিয়েছে সুর ও ছন্দ। হাতে তুলে নিয়েছেন বাঁশি। দেশ-বিদেশে বাঁশির সুরের মূর্ছনায় মুগ্ধ করেছেন। একুশের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে আবারও মুগ্ধ হলেন রাজধানীর দর্শক-শ্রোতা।জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশিবাদন অনুষ্ঠানের আয়োজন করেছিল অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। অনুষ্ঠানের শুরুতে কবি মাহবুব উল আলমের লেখা একুশের প্রথম কবিতাটি আবৃত্তি করেন অনুষ্ঠানের উপস্থাপক মাহিদুল ইসলাম। আবৃত্তি শেষে উপস্থাপক শিল্পী ও অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানান। অতিথিরা আজিজুল ইসলামের বাঁশির অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সচিব এম আজিজুর রহমান, কবি মাহবুব উল আলমের স্ত্রী জওশন আরা রহমান, অধ্যাপক রহমত আলী, আরিফুল ইসলাম প্রমুখ।মোড়ক উন্মোচন ও আলোচনা পর্বের পর মিলনায়তনজুড়ে নীরবতা নামে। ওস্তাদ আজিজুল ইসলাম তুলে নিলেন বাঁশি। মুহূর্তেই সুরের এক মোহনীয় আবেশ ছড়িয়ে পড়ে মিলনায়তনে। প্রায় দেড় ঘণ্টার একক বাঁশিবাদন অনুষ্ঠানে ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম প্রথমে বিলম্বিত এক তাল ও দ্রুত তিন তালে রাগ ইমন এবং পরে তিন তালে রাগ বেহাগ, রাগ দুর্গা পরিবেশন করেন। রূপক ও কাহারবা ভৈরবী রাগ পরিবেশন করে বাদন শেষ করেন। তাঁর সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত বিজন চৌধুরী ও তানপুরায় মো. জাহাঙ্গীর আলম। রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেলেন গুলশান হোসেনসম্প্রতি রাশিয়ার পেনজা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট সিম্পোজিয়াম উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শিল্পী গুলশান হোসেন প্রথম পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে তিনি সিম্পোজিয়াম তারকাও নির্বাচিত হন। ইউনেসকো এই সম্মেলনের আয়োজন করেছিল।ইউনেসকোর আয়োজনে এটি ছিল পঞ্চম আন্তর্জাতিক আর্ট সিম্পোজিয়াম। এতে ২২টি দেশের ৬৩ জন শিল্পী অংশ নেন। দেশগুলোর মধ্যে ছিল ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, আয়ারল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, রুমানিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ইতালি, বেলারুশ, পোল্যান্ড, সার্বিয়া, ইউক্রেন, কোস্টারিকা, মেক্সিকো, চিলি, ভারত, রাশিয়া ও বাংলাদেশ। গত ২০ আগস্ট ২৬ দিনের এই আয়োজন শুরু হয়েছিল, শেষ হয় গত ১৩ সেপ্টেম্বর। শিল্পী গুলশান হোসেনের মিশ্র মাধ্যমে আঁকা ‘রিফ্লেকশনস’ নামের শিল্পকর্মটি প্রথম পুরস্কার লাভ করে। এ ছাড়া সিম্পোজিয়ামে সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে সমাপনী অনুষ্ঠানে তাঁকে ‘সিম্পোজিয়াম তারকা’ ঘোষণা করা হয়।পেনজা শহরের একটি নিবিড় বনানী ও লেকসংলগ্ন একটি স্টুডিওতে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। এখানে শিল্পীরা প্রতিদিন যেসব কাজ করেছেন রাতের খাবারের পর তা উপস্থাপন এবং নিজের কাজ ও সমকালীন শিল্পকলা নিয়ে ছিল মুক্ত আলোচনা পর্ব। এ ছাড়া ছিল প্রতি দুই দিন অন্তর শিল্পীদের কাজ নিয়ে মূল্যায়ন ও পারস্পরিক মতবিনিময়। গুলশান হোসেন যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, বেলজিয়াম ও ভারতে তাঁর মোট ১৩টি একক প্রদর্শনী হয়েছে। অংশ নিয়েছেন বহু দলগত প্রদর্শনীতে। এর আগে তিনি শারজা দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চারুকলা প্রতিযোগিতায় দুবার দ্বিতীয় পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় মোট সাতটি পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি।‘সেই সময় এই সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচননিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইতিহাস নিয়ে পুরকৌশল বিভাগ সেই সময় এই সময় নামের একটি গ্রন্থ প্রকাশ করেছে। গতকাল শনিবার এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে রুয়েট মিলনায়তনে উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক এম এ হান্নান। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের সম্পাদনা পরিষদের সভাপতি ইকবাল মতিন। আলোচক ছিলেন এ কে এম শামসুল আলম, আকরামুজ্জামান, কাজী আলী আজম, আবুল বাশার, মুহাম্মদ আবদুল গোফফার খান, শাহ খালেদ রেজা, মোশতাক আহমেদ, মর্ত্তুজা আলী প্রমুখ। ‘ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী’-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে, যা ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী এবং ২০০৩ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এর পুরো সময়কালকে ধরে সম্পাদিত বইটি তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশের নাম দেওয়া হয়েছে ‘স্মৃতির এ ঘর ও ঘর’, দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে ‘কথা ও ছন্দ’ এবং শেষাংশের নাম দেওয়া হয়েছে ‘জীবন খাতার পাতায়।’