শরৎসন্ধ্যায় শচীন দেবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া/আমার ভাইধনরে কইয়ো/নাইওর নিতো বইলা’—মিলনায়তনে শচীন দেববর্মনের বিরহী গানের সুরমূর্ছনা। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে গতকাল শুক্রবার পরিবেশিত হয় শচীনকর্তার একের পর এক গান। শিল্পী সঞ্জয় রায় পরিবেশিত গানগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শোনে উপস্থিত দর্শক।গতকাল সংস্কৃতি সংগঠন গীতিসত্র আয়োজন করে শচীন দেববর্মনের গান নিয়ে সংগীতের আসর। শিল্পী সঞ্জয় রায় গেয়ে শোনান শচীনের কালজয়ী ৩০টি গান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ভূঁইয়া সফিকুল ইসলাম।শিল্পী ‘এই চৈতি সন্ধ্যায়’, ‘দূর কোন পরবাসে’, ‘এই মহুয়া বনে’, ‘আমি ছিনু একা’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘শোন গো দখিনা হাওয়া’, ‘তুমি এসেছিলে পরশু’, ‘মন দিল না বঁধু’সহ বিভিন্ন গান গেয়ে শোনান।বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় সুরকার ও গায়ক কুমার শচীন দেববর্মনের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায়। একালের রাজার ছেলে। তিনি লোকসংগীত থেকে শুরু করে উচ্চাঙ্গসংগীত গেয়েছেন সমানতালে। সুর করেছেন বাংলা ও হিন্দি গানে। অনবদ্য মেলবন্ধন ঘটিয়েছিলেন লোকসংগীতের সঙ্গে উচ্চাঙ্গসংগীতের। সৃষ্টি করেছিলেন এক স্বতন্ত্র ঘরানা। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষেই গীতিসত্র তাঁর গান নিয়ে সঞ্জয় রায়ের এই একক সংগীত সন্ধ্যার আয়োজন করে।