শহর ছেড়ে গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতা খান
অমৃতা খান

ঢাকাই ছবির অভিনেত্রী অমৃতা খান শহুরে মেয়ে। বড় হয়েছেন, পড়াশোনা; সবই শহরে। কিন্তু ছবির প্রয়োজনে এবার তিনি সেজেছেন গ্রামের মেয়ে। থাকছেনও গ্রামে। নরসিংদীর রায়পুরার শাহারখোলা গ্রামে ‘ময়না পাখির সংসার’ ছবির শুটিং হচ্ছে। গতকাল রোববার তিনি এ ছবির শুটিং করেছেন রাত দুইটা পর্যন্ত। অমৃতা শাহারখোলা গ্রামে আছেন ১ জানুয়ারি থেকে। এখানে কাজ হবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মাঝে অবশ্য দু-এক দিনের জন্য ঢাকায় বাসায় আসার সুযোগ পাবেন অমৃতা।

অমৃতা বলেন, ‘আমার দাদার বাড়ি টাঙ্গাইলে। ওখানেও গ্রাম। কিন্তু এত প্রত্যন্ত গ্রাম আগে কখনো দেখিনি। শীতে এখানে এসে দারুণ লাগছে। মনে হচ্ছে আমি পুরোপুরি গ্রামের মেয়ে। চোখে কাজল দিয়েছি, গ্রামের মেয়েদের মতো করে শাড়ি পড়েছি, কলসি নিয়ে নদীতে যাচ্ছি, ছাগলের পেছনে ছুটছি, নদীতে নামছি, নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যাচ্ছি। গ্রামের একজন কিশোরী মেয়ে যা যা করে, আমিও নিজেকে সেভাবে প্রস্তুত করেছি। আশা করছি আমার শহুরে লুকটা পুরোপুরি পাল্টে ফেলতে পেরেছি। আর কাজের ফাঁকে গ্রামের মানুষদের সঙ্গে সেলফি তুলছি। তারা সবাই এসেছেন আমাদের শুটিং দেখতে।’

নরসিংদীর রায়পুরার শাহারখোলা গ্রামে শুটিং দেখতে আসা মানুষদের সঙ্গে সেলফি তুলছেন অমৃতা খান
নরসিংদীর রায়পুরার শাহারখোলা গ্রামে শুটিং দেখতে আসা মানুষদের সঙ্গে সেলফি তুলছেন অমৃতা খান



‘ময়না পাখির সংসার’ ছবির পরিচালক রায়হান মুজিব। ছবিতে অমৃতা খান অভিনয় করছেন ‘ময়না’র চরিত্রে আর আসিফ ইমরোজের চরিত্রের নাম ‘পাখি’। রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’-এর প্রতিযোগী আসিফের প্রথম ছবি ‘দবির সাহেবের সংসার’।

অমৃতা খান এর আগে অভিনয় করেছেন ‘গেইম’, ‘পাগলা দিওয়ানা’ আর ‘গুন্ডা দ্য টেররিস্ট’ ছবিতে। অমৃতা জানালেন, এই তিনটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সামনে মুক্তি পাবে ‘অসম প্রেম’ আর ‘টার্গেট’ ছবি দুটি।