শহরজুড়ে শশীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলা থেকেই বিভিন্ন ওস্তাদের কাছে গানের তালিম নিই। তবে স্বপ্ন দেখতাম স্থপতি হওয়ার। ২০০৮ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নাম লেখানোর পর অবশ্য আগ্রহ কিছুটা কমতে থাকে। সবকিছুর পরও স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা শেষে গানে ব্যস্ততা বাড়তে থাকে। অন্যদিকে ছোটবেলার স্বপ্ন থেকে দূরে সরে যেতে হয়। স্থপতি হওয়ার স্বপ্ন থেকে গানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। আর এই ভালোবাসা পেশাদার সংগীতশিল্পী হয়ে উঠতে সাহায্য করেছে।’ সম্প্রতি নিজের শিল্পীর হয়ে ওঠার গল্প এভাবেই শোনালেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০০৮ সালের সেরা দশে স্থান পাওয়া শেখ নীলিমা শশী। এখন গান নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে শশীকে। বললেন, ‘সামনের ভালোবাসা দিবসে দ্বিতীয় একক গানের অ্যালবাম শহরজুড়ে শশীর গান প্রকাশিত হবে। অ্যালবামটি নিয়েই আমার অনেক স্বপ্ন। অনেক পরিশ্রম করে অ্যালবামটি তৈরি করছি। বেশির ভাগ গানের কাজই শেষ হয়ে গেছে। এখন শুধু মিক্স মাস্টারিংয়ের কাজটা বাকি।’এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শশীর গাওয়া ‘ভালোবেসে তোমায়’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রচারিত হচ্ছে। শশী বলেন, ‘গানটি কিন্তু আমার নতুন অ্যালবামের জন্যই করা হয়েছে। মাহমুদ মানজুরের লেখা এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর। আর ভিডিওটি নির্মাণ করেছেন আরাফাত সেতু। শশী আরও বলেন, ‘মাস ছয়েক আগে গানটির ভিডিও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হয়। এরপর ফোবানাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে চলে যাই। সেখানে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমেও অনেকে গানটির প্রশংসা করেছেন। চমৎকার কথা, অসাধারণ সুর এবং সংগীতের পর গানটির দৃষ্টিনন্দন ভিডিওতে মুগ্ধ হয়েছেন অনেকেই।’ ‘ভালোবেসে তোমায়’ গানটিসহ শহরজুড়ে শশীর গান অ্যালবামে মোট ১২টি গান থাকবে। গানগুলো প্রসঙ্গে শশী বলেন, ‘অ্যালবামের সব গানের ধরন আলাদা। এবারের অ্যালবামে পপ, সফট মেলোডি, রক, নিউ এজ রকসহ সব ধরনের গানই থাকছে। বলতে পারেন শহরজুড়ে শশীর গান অ্যালবামের মধ্য দিয়ে শ্রোতাদের বৈচিত্র্য দেওয়ার চেষ্টা করছি।’ এটি শশীর দ্বিতীয় একক অ্যালবাম। এর আগে ২০০৯ সালে যেও না নামে প্রথম একক অ্যালবামটি প্রকাশিত হয়। শহরজুড়ে শশীর গান অ্যালবামের গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর, সুহূদ সুফিয়ান ও আরাফাত সেতু। আর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন সুমন কল্যাণ, কিশোর, সজীব দাস, এহসান রাহী, পারভেজ জুয়েলসহ আরও অনেকে। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার পর খুব অল্প সময়ে একক অ্যালবামের পাশাপাশি বিভিন্ন মিশ্র অ্যালবামেও গান করেছেন তিনি। ডজন খানেকের বেশি নাটকের শীর্ষ সংগীতেও কণ্ঠ দিয়েছেন তিনি। বিভিন্ন বিজ্ঞাপনের জিঙ্গেলেও গান করেছেন। স্থপতি হতে না পারলেও শশী এখন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক বিষয়ে পড়াশোনা করছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শশী বলেন, ‘প্রথমে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে চাই। তবে এখন আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভালো মানের একজন সংগীতশিল্পী হওয়া। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।’