
শহরজুড়ে চলছে বিজয় উৎসব। সেখানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত গান ও সেই সঙ্গে নাচ পরিবেশন করছেন শিল্পীরা। সেসব দেখে অনুপ্রাণিত হচ্ছেন মানুষ। হয়তো তাঁদের রক্তে বেজে উঠছে যুদ্ধদিনের উদ্দীপনা। এসব সাংস্কৃতিক আয়োজন সমাজ থেকে অশুভকে দূর করতে মানুষকে উজ্জীবিত করে।
গতকাল বৃহস্পতিবার ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের দ্বিতীয় দিন। জোটভুক্ত সংগঠনগুলোর অংশগ্রহণে এ উৎসবে ছিল সাম্প্রদায়িকতাকে নির্মূল করার আহ্বান। কেন্দ্রীয় শহীদ মিনারকে মঞ্চ করে সেখানে একক ও দলীয় পরিবেশনায় অংশ নিয়েছেন শিল্পীরা। নানা শ্রেণি-পেশার মানুষ কাজ শেষ করে হাজির হয়েছিলেন সেখানে। গতকালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া অন্যতম দলগুলো হচ্ছে দলীয় সংগীতে সুরধ্বনি, দৃষ্টি; দলীয় আবৃত্তিতে স্বরশ্রুতি, নৃত্যে দিব্য সাংস্কৃতিক সংগঠন। ছিল শিশুদের সংগঠন সপ্তসুরের পরিবেশনা। এ ছাড়া পথনাটক করে প্রাচ্যনাট।
শহীদ মিনারের মূল অনুষ্ঠানের পাশাপাশি একই সঙ্গে এ উৎসবের অনুষ্ঠান চলছে শহরজুড়ে। সাত দিনের এ আয়োজনে রাজধানীর রবীন্দ্রসরোবরের কবি রফিক আজাদ মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ মঞ্চ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ, মিরপুরের তনু-তনয় মঞ্চে একই সঙ্গে চলছে জোটভুক্ত সংগঠনগুলোর ভিন্ন ভিন্ন পরিবেশনা।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে রয়েছে জোটের বিজয় র্যালি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি থামবে টিএসসিতে। এ দিনও বিকেল সাড়ে চারটা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সে আয়োজনে প্রতিদিনের মতো থাকবে দলীয় ও একক সংগীত, আবৃত্তি ও নৃত্য। এ সন্ধ্যায় রয়েছে মৈত্রী ও আরণ্যকের পথনাটক।