
খাজুরাহো প্রেমের শহর। শহরজুড়ে বিছিয়ে রাখা প্রেমার্ত ছবি, ভাস্কর্য, টেরাকোটা। ভারতের মধ্যপ্রদেশের এ শহরের মন্দির, হোটেল, রেস্তোরাঁ এমনকি মানুষগুলোর গলায় লকেট হয়ে ঝুলছে পুরাণের প্রেমিকদের প্রতীকী পুতুল। মন্দিরগুলোর গায়ে সেসবের টেরাকোটা।
‘অশোকা’, ‘জয় গঙ্গাজল’, ‘ম্যায় অর চার্লিস’, ‘রাজনীতি’ ও ‘মহেঞ্জো দারো’র মতো বহু ছবির শুটিং হয়েছে ভারতের মধ্যপ্রদেশে। নিয়ম করে যারা হিন্দি ছবি দেখেন, জায়গাটা তাঁদের একদমই অচেনা মনে হবে না। মধ্যপ্রদেশের সাতনা রেলস্টেশন থেকে খাজুরাহো ১১৬ কিলোমিটারের পথ। গাড়িতে করে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা। পথের দুই পাশ খুব বিভ্রান্তিকর। কখনো সবুজ ফসল আবার কখনো মরুভূমির মতো খটখটে শুকনো। বাতাসে আর্দ্রতা খুবই কম, সূর্যের তেজ চামড়া পুড়িয়ে দেওয়ার মতো। সে জন্যই মুখমণ্ডল কাপড়ে পেঁচিয়ে মোটরবাইক চালান এখানকার লোকেরা। পাহাড় ও বনের ভেতর থেকে আঁকাবাঁকা পথ বেয়ে খাজুরাহো যাওয়ার সময় অবশ্য মনে থাকবে না পেছনে ফেলে আসা পথের কথা। এই পথের দুই পাশে অভ্যর্থনা জানাবে বানরেরা। পথের পাশে বিষণ্ন মুখে বসে থাকতে দেখা যায় অসংখ্য বানর।
বসন্তে খাজুরাহোতে বহু দেশ থেকে দর্শনার্থী আসেন। মূল আকর্ষণ জৈন ও হিন্দু স্থাপনাগুলো। প্রচুর মন্দির, দুর্গ, পাহাড় ও পুরানের গল্প ছড়িয়ে এ শহরে। সাংস্কৃতিক নানা অনুষঙ্গের মধ্যে অন্যতম আকর্ষণ ‘খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল’। এই মহাদেশে শাস্ত্রীয় নৃত্যের সব থেকে বড় উৎসবগুলোর একটি। ফলে ভ্রমণে আসা পর্যটকেরা সন্ধ্যার পর দারুণ একটা সময় কাটাতে পারেন। এইতো গত রাতেই হয়ে গেল একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। একগুচ্ছ মন্দিরের সামনের খোলা মাঠে চেয়ার পেতে পর্যটকেরা উপভোগ করলেন এখানকার নিয়মিত এ প্রদর্শনী। খাজুরাহোর মন্দির স্থাপন নিয়ে পৌরাণিক কাহিনির আলোক-সংলাপের এ পরিবেশনায় ধারণকৃত ধারা বর্ণনাকারী অমিতাভ বচ্চনের কণ্ঠ চিনতে কারওরই ভুল হলো না। ফলে পরিবেশনাটি আরও উপভোগ্য হয়ে উঠল সবার কাছে। পরপর দুটি প্রদর্শনী হয়, একটি ইংরেজি ও একটি হিন্দি। আমরা যোগ দিলাম হিন্দিটায়। ভারতীয়দের জন্য এই প্রদর্শনী ২০০ রুপি এবং বাকিদের জন্য ৫৫০ রুপি!